সর্বশেষ সংবাদ
প্রাণহানির আশঙ্কায় হাইকোর্টে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ; দ্রুত শুনানির আর্জি খারিজ আদালতের

প্রাণহানির আশঙ্কায় হাইকোর্টে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ; দ্রুত শুনানির আর্জি খারিজ আদালতের

রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের ওপর পরপর প্রাণঘাতী হামলার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। টানা তিন দিন ধরে প্রকাশ্য রাজপথে তাঁর গাড়ি ভাঙচুর, রিভলভার উঁচিয়ে হুমকি এবং নিগ্রহের চেষ্টার অভিযোগ তুলে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেলেঘাটার এই বিধায়ক। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তাঁর আইনজীবী আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানালেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে আদালতে মামলা দায়ের করার অনুমতি বহাল রাখা হয়েছে।  

অভিযোগের সূত্রপাত ঘটেছিল শুক্রবার রাতে। বেলেঘাটায় অসুস্থ দলীয় কর্মী গোপাল পোড়েলকে দেখতে যাওয়ার পথে প্রথম আক্রমণের মুখে পড়েন কুণাল ঘোষ। এরপর শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ার জিটি রোডের ওপর ফের তাঁর কনভয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। গাড়ি লক্ষ্য করে পাথর, ডিম ও লোহার রড চালানো হয়। হামলার জেরে সভা বাতিল করে কাচ-ভাঙা গাড়িতেই তাঁকে কলকাতায় ফিরতে হয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে এক অরাজনৈতিক অনুষ্ঠানে যাওয়ার পথে চরম অরাজকতার মুখে পড়েন বিধায়ক। অভিযোগ, অন্তত ১০ থেকে ২০টি বাইক তাঁর গাড়ি ধাওয়া করে। ফুলবাগান ও নারকেলডাঙা মেন রোডে গাড়ি ঘিরে হাতুড়ি দিয়ে কাচ ভেঙে তাঁকে টেনে নামানোর চেষ্টা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁর নিরাপত্তারক্ষীরা অস্ত্র বের করতে বাধ্য হন এবং চালকের তৎপরতায় নারকেলডাঙা থানায় ঢুকে তিনি প্রাণে রক্ষা পান।  

 

আরও পড়ুন  বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ, পুজো ও শরতের মুখে বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

 

একের পর এক ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেল একজন নির্বাচিত বিধায়ক এবং তাঁর ওপর উপর্যুপরি হামলায় চরম প্রাণসংশয় তৈরি হয়েছে। অতীতে আদালত তাঁর যে নিরাপত্তা মঞ্জুর করেছিল তা প্রত্যাহার করে নেওয়ার বিষয়টিও এজলাসে তুলে ধরা হয়। তবে বিচারপতি দ্রুত শুনানির আর্জি নাকচ করে পর্যবেক্ষণ জানান, প্রতিনিয়ত বহু বিধায়ক ও সাংসদ মামলা করছেন, তাই আলাদা করে কোনো জরুরি শুনানি হবে না; নিয়ম মেনেই তালিকাভুক্ত হয়ে মামলাটি শুনানির জন্য আসবে। 

আদালতে দ্রুত শুনানির আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর সংবাদ সম্মেলন করে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, জিটি রোড কিংবা নারকেলডাঙার মতো জনবহুল রাস্তায় প্রকাশ্য দিবালোকে এমন ভয়ঙ্কর তাণ্ডব চললেও এখনও পর্যন্ত একজন অভিযুক্তকেও গ্রেফতার করেনি পুলিশ। এই হামলার নেপথ্যে শাসক দল বিজেপির চক্রান্ত রয়েছে বলে তিনি সরাসরি দাবি করেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানান, আদালতের স্বাভাবিক শুনানির অপেক্ষায় থাকার পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনেও দ্বারস্থ হবেন তিনি।  

এদিকে নারকেলডাঙা থানার পাঠানো জিরো এফআইআরের ভিত্তিতে বেলেঘাটা থানা ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। তবে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্য রাজপথে এমন দফায় দফায় হামলার ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ-প্রশাসনের নজরদারির ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। হাইকোর্টের স্বাভাবিক শুনানিতে আদালত বিধায়কের নিরাপত্তা নিয়ে কী নির্দেশ দেয় এবং তদন্তকারী পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

                                                                                 -জ্যোতি সরকার

পরবর্তী খবর