সর্বশেষ সংবাদ
ধর্ষণের মিথ্যা মামলা কষে কোটি টাকার তোলাবাজি, পুলিশের জালে ‘মডেল’ রাগেশ্রী

ধর্ষণের মিথ্যা মামলা কষে কোটি টাকার তোলাবাজি, পুলিশের জালে ‘মডেল’ রাগেশ্রী

নারীদের সুরক্ষার জন্য তৈরি হওয়া কঠোর আইনকে হাতিয়ার করে কোটি টাকার তোলাবাজির চাঞ্চল্যকর চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ধর্ষণের ভুয়ো মামলা কষে একের পর এক নির্দোষ পুরুষকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্তোষপুরের বাসিন্দা রাগেশ্রী গোপ (৩১)-কে। 

ধৃত তরুণী নিজেকে মডেল হিসেবে পরিচয় দিতেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এ যাবৎ অন্তত ১৪ জন পুরুষের বিরুদ্ধে ধর্ষণের ১১টি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন তিনি। নিজের জন্মদাতা বাবা থেকে শুরু করে চিকিৎসক, জিম মালিক কিংবা অটোচালক, প্রতারণার শিকার হয়েছেন সকলেই।

 

আরও পড়ুন  জোড়াফুল ফ্রিজ হতেই ‘খাম’ ঘিরে রাজনৈতিক বিস্ফোরণ! উপনির্বাচনের মুখে হাই কোর্টের দরজায় নওশাদ

 

পুলিশ সূত্রে খবর, কলকাতার সার্ভে পার্ক, কসবা, যাদবপুর, রবীন্দ্র সরোবর, রিজেন্ট পার্ক এবং গলফগ্রিন থানা এলাকায় নিজের ব্ল্যাকমেলের জাল বিছিয়েছিলেন রাগেশ্রী। ২০২১ সালে প্রথম বার নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে তাঁকে জেল খেটিয়েছিলেন তিনি। এর পর থেকে আইনি সুরক্ষাকে ঢাল বানিয়ে নির্দোষ পুরুষদের জীবনে আতঙ্ক সৃষ্টি করাই তাঁর মূল ব্যবসায় পরিণত হয়।

ঘটনায় নতুন মোড় ঘোরে সম্প্রতি পঞ্চসায়রের এক দন্ত চিকিৎসককে নিশানা করার পর। সন্তোষপুরে চিকিৎসকের চেম্বারে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন রাগেশ্রী। টাকা না দিলে ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। বিপদের আঁচ পেয়ে ওই চিকিৎসক আগেই পূর্ব যাদবপুর থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করে রেখেছিলেন। তা সত্ত্বেও তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতে হয়েছিল ওই চিকিৎসককে।

চিকিৎসক জামিনে মুক্ত হওয়ার পর তাঁর স্ত্রী সরাসরি আলিপুর আদালতের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান। আদালতের নির্দেশে পঞ্চসায়র থানা পুনরায় তদন্ত শুরু করতেই প্রতারণার সম্পূর্ণ ছকটি স্পষ্ট হয়ে যায়। তদন্তকারীরা জানতে পারেন, পুরোটাই ছিল অত্যন্ত সুপরিকল্পিত ব্ল্যাকমেল এবং তোলাবাজির চেষ্টা। এর পরেই সন্তোষপুরে অভিযুক্তের বাড়ির সামনে থেকে রাগেশ্রীকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনা কেবল একটি অপরাধের খবর নয়, বরং বর্তমান আইনি কাঠামোর এক বড়সড় দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। নারী সুরক্ষার মতো স্পর্শকাতর আইনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে যখন নির্দোষ মানুষের জীবন ও সামাজিক সম্মান ধূলিসাৎ করে দেওয়া হয়, তখন গোটা বিচার ব্যবস্থার ওপরই প্রশ্ন ওঠে। সামাজিক মানসিকতার সুযোগ নিয়ে তৈরি হওয়া এই ধরনের অপরাধমূলক প্রবণতা একদিকে যেমন বহু নির্দোষ পুরুষকে বলির পাঁঠা বানাচ্ছে, তেমনই আসল নির্যাতিত নারীদের আইনি লড়াইকেও লঘু করে দিচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন সামাজিক কর্মীরা। ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর সভাপতি নন্দিনী ভট্টাচার্য পুরুষদের ওপর হওয়া এই আইনি হেনস্থা ও তোলাবাজির সংস্কৃতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। ভুয়ো মামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুরুষদের সুরক্ষায় কড়া আইনি সংস্কারের দাবি এখন জোরালো হচ্ছে সমাজ ও প্রশাসনিক মহলে।

                                                                                -অঙ্কিতা পাল

পরবর্তী খবর