জাল নথি তৈরি, জমি দখল ও তোলাবাজির গুরুতর অভিযোগে ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর হেফাজতে যেতেই নতুন করে অস্বস্তি বাড়ল দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকায়।
প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই রিয়েল এস্টেট ব্যবসায়ীর গ্রেফতারির পর, তদন্তকারীদের মূল নজর এখন চক্রের বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং স্থানীয় প্রভাবশালীদের নেপথ্য মদতের দিকে। তদন্তকারী সংস্থা ও পুলিশ সূত্রে জানা গেছে, অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে অন্তত ২৩টি পৃথক এফআইআর নথিভুক্ত রয়েছে। সেই সূত্র ধরেই আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (PMLA)-এ মামলা রুজু করে ময়দানে নামে ইডি।
আরও পড়ুন মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’, দীর্ঘায়ু কামনায় ঘরে ঘরে জ্বলছে প্রদীপ
সূত্র মারফত খবর, তদন্তে উঠে এসেছে; ধৃত ব্যবসায়ীর সিন্ডিকেটের কাজের ধরন ছিল অত্যন্ত সুপরিকল্পিত। মূলত এলাকার অসহায়, বয়স্ক ও দুর্বল জমির মালিকদের চিহ্নিত করে টার্গেট করা হত। এরপর ভুয়ো 'পাওয়ার অব অ্যাটর্নি' ও সেল ডিড জালিয়াতি করে সরকারি রেকর্ড বদলে ফেলা হত।
শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি ও তোলাবাজির জোরে সেই জমি দখল করে রাতারাতি গড়ে তোলা হত বহুতল আবাসন।
এই গোটা জমি জালিয়াতি চক্রে প্রভাব খাটানোর ক্ষেত্রে বার বার সামনে এসেছে দেবাশিস কুমারের নাম। চলতি বছরের এপ্রিল মাসে তাঁর বাড়ি ও অফিসে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। গোয়েন্দা সূত্রের দাবি, সেই সময় বাজেয়াপ্ত হওয়া নথিপত্রের সঙ্গে অমিত গঙ্গোপাধ্যায়ের জমি সংক্রান্ত একাধিক লেনদেনের সরাসরি যোগসূত্র মিলেছে। ফলে ধৃত ব্যবসায়ীকে হেফাজতে নিয়ে টানা জেরার মাধ্যমে প্রভাবশালী মহলের সঙ্গে আর্থিক বোঝাপড়ার রূপরেখা স্পষ্ট করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।
আরও জানা যাচ্ছে, অমিতের বয়ানের ভিত্তিতে দেবাশিস কুমারকে ফের তলব করে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতিও শুরু হয়েছে। যদিও এ জাতীয় কেন্দ্রীয় অভিযানের মুখে বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন দেবাশিস কুমার। তাঁর সোজাসাপটা দাবি, 'অভিযোগ কী আছে তা তদন্তকারী সংস্থাকেই জিজ্ঞাসা করুন। ওরা নির্দিষ্ট নথি দিলে আমি নিশ্চয়ই তার উত্তর দেব।'
তবে অমিত গঙ্গোপাধ্যায় লক-আপে যাওয়ার পর জমি দখল ও কোটি কোটি টাকার নয়ছয়ের এই মামলায় তদন্তের রাশ এখন পুরোপুরি কেন্দ্রীয় সংস্থার হাতে।
-দিশা দাস