ক্যান্সার আক্রান্ত দুঃস্থ শিশুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ফের এক অভিনব উদ্যোগ নিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সমাজসেবামূলক সংস্থা 'সুদেষ্ণা বীকন অফ হোপ' (SBOH)। আগামী ১২ সেপ্টেম্বর কলকাতার মহানায়ক উত্তম মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে তাদের ১১তম বার্ষিক সঙ্গীতানুষ্ঠান 'মেলোডিস অফ হোপ ২০২৬'। এই উপলক্ষ্যে সোমবার বিকেলে প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে গোটা কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
আরও পড়ুন আর দীর্ঘ অপেক্ষা নয়! শহর ও গ্রামে এবার একই নিয়ম, রান্নার গ্যাস নিয়ে বড় নির্দেশিকা কেন্দ্রের
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী জোজো মুখার্জি, মনোময় ভট্টাচার্য, দেবমাল্য চট্টোপাধ্যায়, টেলিভিশন সঞ্চালক মৌনিতা মুখার্জি চট্টোপাধ্যায়, ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টারের পক্ষে ডক্টর অর্ণব গুপ্ত, অঞ্জন গুপ্ত এবং সংস্থার প্রতিষ্ঠাতা শুভাশিস ঘোষ।
২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুদেষ্ণাদেবী। তাঁর স্মৃতিতেই ২০১৬ সালে এই সংস্থার প্রতিষ্ঠা করেন তাঁর স্বামী শুভাশিস ঘোষ। সুদেষ্ণা বীকন অফ হোপ-এর এই মানবিক উদ্যোগ এ বছর সফলভাবে দশ বছর পূর্ণ করল। ওয়াশিংটন ডিসি এবং কলকাতা,উভয় প্রান্তেই গানের মাধ্যমে সাধারণ মানুষকে একজোট করে মারণব্যাধির সঙ্গে লড়াইয়ের রসদ জুগিয়ে চলেছে এই সংস্থা। গত এক দশকে তারা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে (SGCC&RI) ৬০ লক্ষ টাকারও বেশি আর্থিক অনুদান প্রদান করেছে। শুধু চিকিৎসাই নয়, 'ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার' (IARC)-এর সহযোগিতায় শিশুদের ক্যান্সার গবেষণাতেও সরাসরি যুক্ত রয়েছে এই সংগঠন।
এবারের কনসার্টটি উৎসর্গ করা হচ্ছে ভারতীয় সঙ্গীতজগতের দুই কিংবদন্তি, শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মনের অমর সৃষ্টিকে। মঞ্চে তাঁদের কালজয়ী গানগুলি পরিবেশন করবেন জোজো মুখার্জি, মনোময় ভট্টাচার্য, ঋচা দেবরাজ, স্বর্ণালী বোস, দেবমাল্য চট্টোপাধ্যায় এবং সুদেষ্ণা ও শুভাশিস ঘোষের পুত্র, ইউএস-বেসড সঙ্গীতশিল্পী শুভন ঘোষ।
পাশাপাশি থাকছে পাশ্চাত্য সঙ্গীতের বিশেষ আয়োজন। যেখানে ওয়েস্টার্ন ক্ল্যাসিকস তুলে ধরবেন জ্যাজ ভোকালিস্ট সুচেতা সান্যাল, তরুণ শিল্পী রোহিণী বোস দেশাই এবং শ্লোকা সুব্রহ্মণ্যম। শিল্পীদের সঙ্গ দেবেন দেশের একাধিক পুরস্কারপ্রাপ্ত বাদ্যযন্ত্রীরা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক মৌনিতা মুখার্জি চট্টোপাধ্যায়।
সঙ্গীতের পাশাপাশি এই সন্ধ্যার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছেন ক্যান্সারজয়ী তরুণী অঞ্জলি রায়। মাত্র ১৪ বছর বয়সে ক্যান্সারে একটি পা হারালেও নাচের প্রতি তাঁর অদম্য জেদ ও ভালোবাসাকে তিনি হারিয়ে যেতে দেননি। মঞ্চে তাঁর বিশেষ নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের লড়াই করার নতুন প্রেরণা জোগাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মহানায়ক উত্তম মঞ্চে চলবে এই সঙ্গীতসন্ধ্যা। অনুষ্ঠান থেকে টিকিট ও অনুদানের মাধ্যমে সংগৃহীত সমস্ত অর্থ তুলে দেওয়া হবে ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন দুঃস্থ শিশুদের চিকিৎসার তহবিলে। সাধারণ মানুষও এই অনুষ্ঠানে সামিল হয়ে ক্যান্সারজয়ী শিশুদের মুখে হাসি ফোটানোর লড়াইয়ে অংশ নিতে পারবেন।
-জ্যোতি সরকার