সর্বশেষ সংবাদ
শিক্ষক দিবসে বড় ঘোষণা: কেন্দ্রীয় ধাঁচে প্রতি জেলায় ‘সিএম শ্রী’ স্কুল, স্বচ্ছ শিক্ষক নিয়োগের আশ্বাস শুভেন্দুর

শিক্ষক দিবসে বড় ঘোষণা: কেন্দ্রীয় ধাঁচে প্রতি জেলায় ‘সিএম শ্রী’ স্কুল, স্বচ্ছ শিক্ষক নিয়োগের আশ্বাস শুভেন্দুর

শিক্ষক দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউ টাউনে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, আদালতের নির্দেশ মেনেই সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি প্রতিটি জেলায় আধুনিক পরিকাঠামোযুক্ত মডেল স্কুল এবং পঠনপাঠনের মানোন্নয়নে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি।

 

আরও পড়ুন ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া! কলকাতায় চলবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

 

​অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রাল স্কুল’ ও ‘জওহর নবোদয় বিদ্যালয়’-এর আদলে রাজ্যের প্রতিটি জেলায় অন্তত দুটি করে অত্যাধুনিক মডেল বিদ্যালয় গড়ে তোলা হবে। এই নতুন বিদ্যালয়গুলির নাম দেওয়া হয়েছে ‘সিএম শ্রী ইনস্টিটিউট’। সেখানে ষষ্ঠ শ্রেণি থেকে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে এবং থাকবে ডিজিটাল ক্লাসরুম ও স্মার্ট বোর্ডের সুবিধা।

​শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও কড়া ও স্বচ্ছ নীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, মোবাইলে মেসেজ পাঠিয়ে বা কোনো অস্বচ্ছ উপায়ে আর নিয়োগ হবে না; মেধার ভিত্তিতে ওয়েবসাইটের মাধ্যমেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। একই সঙ্গে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় অনিয়ম রুখতে ৫ নম্বরের বেশি না রাখার পরামর্শ দেন তিনি। শিক্ষকদের ওপর থেকে বাড়তি কাজের চাপ কমাতে দ্রুত শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ান ও ল্যাব সহকারী নিয়োগের আশ্বাসও দেওয়া হয়।

​রাজ্যের প্রায় ১৯ হাজার স্কুলে পানীয় জল ও ছাত্রীদের পৃথক শৌচাগারের অভাব রয়েছে উল্লেখ করে দ্রুত সেই পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়া খেলাধুলো ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিতে বাদ্যযন্ত্র সরবরাহ এবং উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে দুটি বড় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও তিনি জানান। পরিকাঠামোর আধুনিকীকরণ এবং মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে দেশের সেরা দশের মধ্যে নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার। শিক্ষক দিবসের মঞ্চ থেকে দেওয়া এই আশ্বাস রাজ্যের শিক্ষক, পড়ুয়া এবং চাকরিপ্রার্থীদের মধ্যে কতটা আস্থা ফেরাতে পারে, এখন সেটাই দেখার।

                                                                                                                               -জ্যোতি সরকার
 

পরবর্তী খবর