সর্বশেষ সংবাদ
ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া! কলকাতায় চলবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া! কলকাতায় চলবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

শরতের শুরুতে আকাশে নীল-সাদা মেঘের আনাগোনা দেখে যাঁরা ভেবেছিলেন বর্ষা এবার বিদায় নিচ্ছে, তাঁদের জন্য মন খারাপের খবর শোনাল হাওয়া অফিস। বিদায় নেওয়া তো দূর, নতুন করে দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। সক্রিয় নিম্নচাপ এবং একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

 

আরও পড়ুন ফরাক্কায় রেললাইনে ধস: উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ব্যাহত, শনিবারও বহু ট্রেন বাতিল; তবে দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস রেলের

 

শনিবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার পর্যন্ত মহানগরীতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এখনই কলকাতায় অতি ভারী বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে।

রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও, সোমবার থেকে তা ফের বাড়তে শুরু করবে। আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বুধবার উপকূল এবং পশ্চিমের জেলা,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

আবহবিদরা জানিয়েছেন, মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হয়ে বিস্তৃত রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। এই যৌথ সিস্টেমের কারণেই মূলত বৃষ্টি চলবে। তবে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে আপাতত নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েক দিন দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে এবং বৃষ্টির দাপট কমবে। তবে আপাতত আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রপাতের ভ্রূকুটি বহাল থাকছে। তাই চলতি সপ্তাহে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা বা রেনকোট রাখা জরুরি।

                                                                                                                                           -জ্যোতি সরকার

পরবর্তী খবর