সর্বশেষ সংবাদ
ফরাক্কায় রেললাইনে ধস: উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ব্যাহত, শনিবারও বহু ট্রেন বাতিল; তবে দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস রেলের

ফরাক্কায় রেললাইনে ধস: উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ব্যাহত, শনিবারও বহু ট্রেন বাতিল; তবে দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস রেলের

টানা ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী রেললাইনে ভয়াবহ ধস নেমে ব্যাপক বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। ৩ সেপ্টেম্বর রাতে আপ এবং ডাউন লাইনের মাঝের বাঁধে জল জমে ধস নামে এবং সংলগ্ন পুকুরের কারণে মাটি নরম হয়ে ট্র্যাক বসে যায়। লোকো পাইলটের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, লাইনের নিচের মাটি ও ব্যালাস্ট সরে যাওয়ায় এবং বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার থেকেই পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত। শুক্রবারের পর শনিবারও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল রাখতে বাধ্য হয়েছে পূর্ব রেল, যার ফলে ছুটির মুখে পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

 

আরও পড়ুন ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে বিলবোর্ড বিতর্ক এবার সুপ্রিম কোর্টে! জট বাড়াল দমকলের নোটিস ও তাণ্ডব

 

পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানো, পথ পরিবর্তন (ডাইভারশন) এবং লোকোমোটিভ রিভার্সালের মাধ্যমে কিছু ট্রেন সচল রাখা হলেও বাতিলের তালিকা বেশ দীর্ঘ। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার মূলত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী প্রায় ১৫টি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল থাকবে। এই তালিকায় রয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেসের মতো নিয়মিত ট্রেনগুলি। ভোগান্তি কমাতে শুক্রবার বেশ কিছু ট্রেন আজিমগঞ্জ ও অন্যান্য বিকল্প পথে ঘুরিয়ে চালানো হয় এবং আটকে থাকা যাত্রীদের খাবারের ব্যবস্থাও করে রেল প্রশাসন।

বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চালাচ্ছেন ইঞ্জিনিয়ার ও শয়ে শয়ে কর্মী। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সংস্কার কাজ তদারকি করছেন। রেল পাইলিং ও পাথরের গুঁড়ো দিয়ে লাইন দ্রুত স্থিতিশীল করার চেষ্টা চলছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগোচ্ছে। শুক্রবার রাতের মধ্যেই ক্ষতিগ্রস্ত ট্র্যাক সংস্কারের কাজ গুটিয়ে শনিবার সকালের মধ্যে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।

                                                                                                                           -জ্যোতি সরকার

পরবর্তী খবর