সর্বশেষ সংবাদ
ঋতব্রতর বিরুদ্ধে মোক্ষম চালে কুণালের পাশে এবার অমিত শাহ! কেন্দ্রীয় নির্দেশকে সাধুবাদ জানিয়ে কী নতুন সমীকরণের ইঙ্গিত?

ঋতব্রতর বিরুদ্ধে মোক্ষম চালে কুণালের পাশে এবার অমিত শাহ! কেন্দ্রীয় নির্দেশকে সাধুবাদ জানিয়ে কী নতুন সমীকরণের ইঙ্গিত?

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার আনা পুরনো অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয়টি নতুন করে যথাযথভাবে খতিয়ে দেখার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে রিপোর্ট জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই লিখিত নির্দেশের কথা প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ।

 

আরও পড়ুন নিউ টাউনে ২৫ কোটির ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’, রাজ্য সরকারের বড় দায়িত্বে মিঠুন চক্রবর্তী: কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

 

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে কুণাল ঘোষ জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র এবং ছবি সংযুক্ত করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত আবেদন জানিয়েছিলেন। তাঁর পাঠানো চিঠির বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অন্তত এই ইস্যুতে ধন্যবাদ জানিয়েছেন কুণাল ঘোষ।

তৃণমূল বিধায়ক আরও উল্লেখ করেন, এই সংক্রান্ত নির্দেশের বিষয়ে আগেই বিশেষ সূত্র মারফত তাঁর কাছে খবর ছিল। অবশেষে জন্মাষ্টমীর দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নবান্নে পাঠানো চিঠির একটি প্রতিলিপি তাঁর হাতে এসে পৌঁছায়। খুব শীঘ্রই তিনি এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বলেও স্পষ্ট করেছেন।

পাশাপাশি; পুরনো এই মামলাটি পুনরায় খোলার (Re-open) জোর দাবি তুলে কুণাল ঘোষ পোস্টে জানান, অভিযোগকারী মহিলার বর্তমান পরিস্থিতি এবং যদি তাঁর মৃত্যু হয়ে থাকে, তবে তার প্রকৃত কারণ কী ছিল? তা প্রশাসনিক তদন্তে বিশদে উঠে আসা প্রয়োজন।

প্রশাসন ও তদন্তকারী আধিকারিকদের নিরপেক্ষ থাকার বার্তা দিয়ে তিনি লেখেন, আশা করা যায় রাজ্য সরকার বা কোনো পুলিশ আধিকারিক এই ঘটনায় অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করবেন না। গোটা তদন্তপ্রক্রিয়া তিনি কড়া নজরে রাখবেন এবং কেউ তদন্তে হস্তক্ষেপ করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজনৈতিক প্রেক্ষিতে সুর চড়িয়ে কুণাল ঘোষ পোস্টে আরও লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করলেই যে সব তদন্ত থেকে রেহাই পাওয়া যায়, এই ভুল ধারণা ভাঙা জরুরি। একইসঙ্গে তাঁর কটাক্ষ, এই তদন্তের গতিপ্রকৃতি রুখতে ও গোটা পরিস্থিতি সামাল দিতে বিধানসভার বিরোধী দলনেতা এবার দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের দরবারে ছুটবেন।

                                                                                                               -দিশা দাস

পরবর্তী খবর