শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পরই দুর্ঘটনার মুখে পড়ল মুম্বই থেকে আসা ইন্ডিগোর একটি বিমান। শুক্রবার সকালে পার্কিং বে-র দিকে যাওয়ার সময় 6E 225 বিমানটি একটি VDGS (Visual Docking Guidance System)-এর সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের জেরে বিমানের সামনের অংশ বা নোজ সেকশনে ক্ষয়ক্ষতি হয়েছে।
বিমানটি মুম্বই থেকে শ্রীনগরে পৌঁছে নিরাপদেই অবতরণ করেছিল। এরপর সেটিকে নির্দিষ্ট পার্কিং বে-তে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিমানটি নির্ধারিত জায়গায় থামার আগেই পার্কিং এলাকায় থাকা VDGS-এর সঙ্গে সংঘর্ষ ঘটে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
দুর্ঘটনার পর দ্রুত বিমানের যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে আনা হয়। ম্যানুয়াল সিঁড়ি ব্যবহার করে তাঁদের বিমান থেকে বের করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রী বা ক্রু সদস্যের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে আপাতত গ্রাউন্ডেড করা হয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিমানটি পরিদর্শনে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই বোঝা যাবে, ঠিক কী কারণে বিমানটি VDGS-এর সঙ্গে ধাক্কা খেল।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনার প্রভাব শ্রীনগর বিমানবন্দরের সামগ্রিক পরিষেবায় পড়েনি। নির্ধারিত সূচি মেনেই বিমান ওঠানামা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকেই এখন নজর।
স্পন্দন পাল