সর্বশেষ সংবাদ
১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে তিলোত্তমা: অভ্যাস না বদলালে কাটবে পকেট, হতে পারে জরিমানা!

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে তিলোত্তমা: অভ্যাস না বদলালে কাটবে পকেট, হতে পারে জরিমানা!

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে কলকাতার রাজপথের চেনা ছবি। শুধু সরকারি ব্যবস্থা বা পুরসভার পরিচ্ছন্নতা অভিযানের ওপর ভরসা না রেখে, শহরকে ঝকঝকে ও সুশৃঙ্খল করতে এবার আমজনতার অভ্যাস বদলের কড়া বার্তা দিল রাজ্য প্রশাসন। নতুন মাস থেকেই যেখানে-সেখানে ময়লা ফেলা বা যত্রতত্র গাড়ি দাঁড় করানোর অভ্যাসে লাগাম টানতে নামছে পুরসভা। পরিষ্কার-পরিচ্ছন্ন কলকাতা গড়ার এই যুদ্ধে শুধু সতর্কবার্তাতেই থেমে না থেকে জরিমানার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আগেই স্পষ্ট করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

 

আরও পড়ুন  ৩৫ হাজার পদে শিক্ষক নিয়োগে নতুন ডেডলাইন, ন’মাসের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

 

নতুন নিয়ম অনুযায়ী, রাস্তায় থুতু ফেলা থেকে শুরু করে যত্রতত্র প্রস্রাব করা, সবক্ষেত্রেই ধার্য করা হয়েছে নির্দিষ্ট আর্থিক জরিমানা। জনসমক্ষে থুতু ফেললে ১০০ টাকা এবং খোলা জায়গায় প্রস্রাব করে পরিবেশ দূষিত করলে ২০০ টাকা গুণতে হবে নাগরিকদের। পাশাপাশি, রাস্তায় খোলা বর্জ্য বা আবর্জনা ফেলার ওপর মোটা অঙ্কের জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সিঙ্গল-ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে আরও কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন।

শহরের ট্রাফিক ও পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেও ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়মাবলী। পুরসভা ইতিমধ্যেই কলকাতা জুড়ে প্রায় ১৫ হাজার বৈধ পার্কিং স্থান চিহ্নিত করেছে, যা নতুন করে টেন্ডারের আওতায় আনা হচ্ছে। জালিয়াতি ও বিভ্রান্তি এড়াতে পার্কিং কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। নির্ধারিত পার্কিং জোনের বাইরে যত্রতত্র গাড়ি দাঁড় করালেই গাড়ি চালকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি দিতে হবে জরিমানা।

রাজ্য সরকারের এই উদ্যোগের মূল সুরই হল, শহরকে সুন্দর রাখার দায়িত্ব কেবল প্রশাসনের একার নয়, প্রতিটি নাগরিকেরও। যৌথ প্রচেষ্টায় পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই আহ্বানের পাশাপাশি নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে। পুরমন্ত্রীর ঘোষিত টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-০৯৩৮ চালু থাকছে, যেখানে ফোন করে রাজ্যের যেকোনো প্রান্তের মানুষ নিজের অভিযোগ জানাতে পারবেন। আপাতত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া গেলেও, পুজো আসার আগেই তা ২৪ ঘণ্টার জন্য চালু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন।

                                                                                    -অঙ্কিতা পাল

পরবর্তী খবর