সর্বশেষ সংবাদ
'জনতার দরবারে' সীতাদেবীকে নিয়ে মেগা ড্রামা! শুভেন্দুর মারাত্মক তোপের মুখে কড়া প্রশ্ন কুণালের

'জনতার দরবারে' সীতাদেবীকে নিয়ে মেগা ড্রামা! শুভেন্দুর মারাত্মক তোপের মুখে কড়া প্রশ্ন কুণালের

পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করাকে কেন্দ্র করে দিনকয়েক ধরে চলা রাজনৈতিক চাপানউতরে এবার ঘটল নাটকীয় পটপরিবর্তন। বিজেপি নেত্রী তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই মঙ্গলবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতার দরবারে' হাজির হলেন ফুটপাথবাসী প্রবীণ মহিলা সীতাদেবী। সল্টলেকের দলীয় কার্যালয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে কোলে শিশুকে নিয়ে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

 

আরও পড়ুন দলত্যাগের পর আরাবুলকে নিয়ে বিস্ফোরক দিলীপ ও নওশাদের! ভাঙড়ের ‘তাজা নেতা’কে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

 

মহিলার সঙ্গে দীর্ঘ আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল তথা বিরোধী শিবিরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ওই মহিলা ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধেই কোনও অভিযোগ করেননি। উল্টে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ওই অসহায় পরিবারকে টাকা দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলানোর চক্রান্ত করা হয়েছিল।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। কিন্তু সীতাদেবী স্পষ্ট জানিয়েছেন তিনি বিজেপি এবং সরকারের ওপরেই ভরসা রাখেন, কোনও চক্রান্তের চক্করে নেই।" পাশাপাশি ওই পরিবারের পুনর্বাসনের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ফুটপাথ সাধারণ মানুষের হাঁটাচলার জন্য, বসবাসের জন্য নয়। তাই সীতাদেবী ও তাঁর পরিবারের পাকাপাকি থাকার ব্যবস্থা প্রশাসনই করে দেবে।

এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই আসরে নেমে ঝাঁঝালো আক্রমণ শানান তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিরোধীদের টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো নাটক বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। কুণাল ঘোষ স্পষ্ট বলেন, ঘটনাটি তো শনিবার থেকে চলছে, এতদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন কোনও পদক্ষেপ নেননি? কেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করার পরেই আজ তড়িঘড়ি 'জনতার দরবারে' মহিলাকে ডেকে দেখা করতে হলো? কুণালের সাফ দাবি, নিজেদের অমানবিক আচরণ ঢাকতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের চাপে পড়েই আজ এই ড্যামেজ কন্ট্রোলের নাটক সাজিয়েছে বিজেপি।

উল্লেখ্য, দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ ফোটানোর সময় ওই মহিলাকে ধমক দেওয়ার অভিযোগ ওঠে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হতেই মানবিকতার প্রশ্ন তুলে আসরে নেমেছিল বিরোধীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে ওই পরিবারের দায়িত্ব নেওয়ার বার্তাও দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সীতাদেবীর সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছানো এবং পরবর্তীতে শুভেন্দু-কুণালের এই প্রকাশ্য তরজায় ফুটপাথের দুধ কাণ্ড এখন বঙ্গ রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

                                                                                                                                              -দিশা দাস

পরবর্তী খবর