৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ফের ভোটাভুটি দেখল প্রতিবেশী দেশ বাংলাদেশ। আর সেই নির্বাচনে বড় ব্যবধানে জয় পেলেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে হওয়া ভোটে বিরোধী শিবির জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সমর্থীত প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদকে ১৬৭ ভোটে হারিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি।
আরও পড়ুন চিনির দাম বৃদ্ধিতে লাগাম টানতে কড়া কেন্দ্র, মজুত রাখার সর্বোচ্চ সীমা বেঁধে জারি নয়া নির্দেশিকা
সূত্র মারফৎ খবর, ফখরুলের পক্ষে পড়েছে ২৫৫টি ভোট। অলি আহমদ পেয়েছেন ৮৮টি। ফলে ভোটের ফল নিয়ে বিশেষ কোনও চমক দেখা না গেলেও, প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হওয়াটাই এ বারের নির্বাচনের সবচেয়ে বড় দিক।
১৯৯১ সালের পর এই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীকে নিয়ে ভোটাভুটি হল। গত কয়েক দশকে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এসেছেন। সেই জায়গায় এ বার বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিরোধী জোটের প্রার্থী থাকায় নির্বাচনের লড়াই কিছুটা অন্য মাত্রা পেয়েছিল।
এদিন দুপুর ২টো থেকে ওদেশের জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। গোটা প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল সংসদ সদস্যদের। ৩৫০ আসনের সংসদে একটি আসন শূন্য থাকায় এ বার মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ইসলামী আন্দোলনের এক সাংসদ ভোটদানে বিরত থাকার কথা আগেই জানিয়েছিলেন। অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারেননি। অন্য দিকে, সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট দিয়েছেন মির্জা ফখরুল।
দীর্ঘদিন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সক্রিয় থাকা ফখরুল এবার দেশের রাষ্ট্রপতি। ফখরুলের এই জয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকেও আরও শক্তিশালী করল বলেই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। প্রার্থী হওয়ার আগে নিয়ম মেনে মন্ত্রিসভা এবং দলের দায়িত্ব থেকেও ইস্তফা দেন তিনি।
এর আগে শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেই নির্বাচন সম্পন্ন হল।
বাংলাদেশের রাষ্ট্রপতি পদ মূলত সাংবিধানিক পদ হলেও, দেশের রাজনৈতিক ব্যবস্থায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় এ বারের ভোট আলাদা নজর কেড়েছে। ঢাকার রাজনৈতিক মহলে এখন নজর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ভূমিকার দিকে। একই সঙ্গে তাঁর নির্বাচনের পর বিএনপি সরকারের সাংবিধানিক কাঠামোয় পরবর্তী রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, সেদিকেও নজর থাকবে ভারতের।
-দিশা দাস