বর্ষা... শুধু প্রকৃতির প্রেম নয়, কখনও অসুস্থতার সঙ্গীও হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে বর্ষার আগমন মানেই ঠান্ডা হাওয়া, স্নিগ্ধ বাতাস... কিন্তু সেই সঙ্গেই আসে সর্দি, কাশি আর মরশুমি জ্বরের আশঙ্কা। এই সময় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়।আর তাই, শুধু চিকিৎসকের পরামর্শই নয়, দরকার সঠিক খাবারের অভ্যাসও।
জেনে নেওয়া যাক, এই বর্ষায় কোন তিনটি খাবার আপনাকে রাখতে পারে সুস্থ ও সতেজ।
🟢 সয়াবিন
এই ছোট ছোট দানার মধ্যে লুকিয়ে রয়েছে অসীম শক্তি।সয়াবিনে আছে ফাইটিক অ্যাসিড, স্যাপোনিন আর আইসোফ্ল্যাভোনের মতো উপাদান, যা দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর।যখন শরীর দুর্বল হয়ে পড়ে, সয়াবিন তখন ভিতর থেকে শক্তি জোগায়।
তাই বর্ষাকালে রোজকার খাদ্যতালিকায় সয়াবিন রাখতে ভুলবেন না।
🟢 লাল শাক
শাকসব্জির গুণের কথা আমরা জানি। কিন্তু লাল শাক একটু আলাদাই।এই শাক শরীরে পুষ্টি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।বর্ষার সময়ে যেহেতু ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে, তাই ফল ও শাকসব্জির সঙ্গে বেশি করে খান লাল শাক।
এটা শুধু মরশুমি রোগ নয়, অনেক দীর্ঘস্থায়ী রোগ থেকেও রক্ষা করতে পারে আপনাকে।
🟢 মুগ ডাল
একটি সাধারণ ডালের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ গুণ।মুগডালে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম।এটি শরীরকে চাঙ্গা রাখে, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে এবং শুধু সর্দি-কাশিই নয়, আরও নানা সমস্যা থেকেও দূরে রাখে। এটি হজমের পক্ষেও খুব ভালো।
বর্ষার সৌন্দর্য উপভোগ করতে চাইলে, নিজেকে রাখতে হবে সুস্থ।চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই জরুরি, কিন্তু তার পাশাপাশি এই তিনটি খাবার – সয়াবিন, লাল শাক আর মুগ ডাল – নিয়মিত খেলে শরীর থাকবে ফিট, মন থাকবে ফুরফুরে।
তাই আর দেরি নয়। আজ থেকেই নিজের খাদ্যতালিকায় জায়গা দিন এই বর্ষা-সহায়ক সুপারফুড গুলিকে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্ষাকে করুন আরও উপভোগ্য, নিজের শরীরকে সুস্থ রেখে।
-জ্যোতি সরকার