দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় আগামী কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে তীব্র ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা। পরিস্থিতি বিবেচনা করে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই জেলাগুলিতে লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে।
আরও পড়ুন দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক: এনডিএ-র দ্বিতীয় বৃহত্তম শরিক NCPI! মন্ত্রী হচ্ছেন সুদীপ ও শর্মিলা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যে ৭টি জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে, সেগুলি হলো-কলকাতা,পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,বীরভূম,বাঁকুড়া,ঝাড়গ্রাম।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এই জেলাগুলির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলাতেও রবিবার পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে।
বর্ষা এলেও দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা কিছুটা দুর্বল রয়েছে। ফলে টানা বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত বেশি থাকায় থার্মোমিটারের পারদ খুব বেশি না চড়লেও, ঘাম ও ভ্যাপসা গরমের কারণে ‘ফিল লাইক টেম্পারেচার’ বা অনুভূত তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। আগামী কয়েকদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ঝড়-বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকতে পারে।
সবমিলিয়ে হঠাৎ ধেয়ে আসা এই ঝড়-বৃষ্টির কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে বা গাছের তলায় না দাঁড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েকদিন আবহাওয়ার এই খামখেয়ালী রূপ বজায় থাকবে, তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেটে নজর রাখা জরুরি।
-জ্যোতি সরকার