দীর্ঘ জল্পনার পর অবশেষে টি-টোয়েন্টি টিমের অধিনায়কত্বে বড় চমক বিসিসিআই-এর। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি যে দল ঘোষণা করেছে, সেখানে নেই অনেক বড় নাম। বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে যে বড় রদবদল হতে চলেছে, এই স্কোয়াড ঘোষণা যেন তারই স্পষ্ট ইঙ্গিত।
শোনা যাচ্ছে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বে থাকছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর বদলে নির্বাচকরা দায়িত্ব তুলে দিলেন শ্রেয়স আয়ারের কাঁধে। মনে করা হচ্ছে, আইপিএলে অধিনায়ক হিসেবে তাঁর ধারাবাহিক সাফল্যই তাঁকে এই দৌড়ে এগিয়ে দিয়েছে। সেইসঙ্গে দলে তাঁর ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে থাকছে তিলক বর্মা। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরের মৃদু আপত্তি সত্ত্বেও শ্রেয়সের নেতৃত্বেই শেষ পর্যন্ত আস্থা রাখলো বোর্ড।
তবে এবারের এই দল ঘোষণার সবথেকে বড় চমক ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএলে এই কিশোরের দুর্দান্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ নির্বাচকরা। এবার সেই সুবাদে সরাসরি জাতীয় দলে সুযোগ পেলো বৈভবক। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেই বৈভব ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড। সচিনের ১৬ বছর বয়সে অভিষেকের মাইলফলক টপকে, ১৫ বছর ৭১ দিনে দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই তরুণ প্রতিভা।
আরও পড়ুন গরম উড়িয়ে কলকাতায় তুমুল বৃষ্টি! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখীর লাল সতর্কতা?
নতুন অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে দল সাজানো হয়েছে ভবিষ্যতের কথা মাথায় রেখে। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পেসার প্রিন্স যাদবও। তবে বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েছেন হার্দিক পাণ্ড্য, রিংকু সিংহ এবং কুলদীপ যাদবের মতো তারকারা। এমনকি, আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও শুভমন গিলের জায়গা হয়নি দলে। নির্বাচকদের এই কঠোর সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে, এখন থেকে শুধুমাত্র নামের ওপর ভিত্তি করে নয়, ফর্ম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেই প্রাধান্য দিচ্ছে বোর্ড।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের এই স্কোয়াড থাকছেন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী।
অন্যদিকে এশিয়ান গেমসের জন্য ১৫ জনের দলে থাকছেন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং বৈভব সূর্যবংশী।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাফল্যের পর এই বড় রদবদল কতটা সুফল বয়ে আনে, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
- দিশা দাস