সর্বশেষ সংবাদ
পঞ্চভূতে বিলীন হলেন 'অপরাজিত' স্রষ্টা! নন্দনে শ্রদ্ধাজ্ঞাপন, কেওড়াতলায় শেষকৃত্য সম্পন্ন পরিচালক অনীক দত্তর

পঞ্চভূতে বিলীন হলেন 'অপরাজিত' স্রষ্টা! নন্দনে শ্রদ্ধাজ্ঞাপন, কেওড়াতলায় শেষকৃত্য সম্পন্ন পরিচালক অনীক দত্তর

চিরতরে বিলীন হয়ে গেলেন পরিচালক অনীক দত্ত। তীক্ষ্ণ রসবোধ, বুদ্ধিদীপ্ত সামাজিক পর্যবেক্ষণ আর ছকভাঙা গল্প বলার জাদুকর আর নেই। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল তাঁর শেষকৃত্য। বাবার সমস্ত পারলৌকিক নিয়ম মেনে শেষ কাজ করলেন মেয়ে ঐশী দত্ত। এ দিন শ্মশানে উপস্থিত ছিলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তও।

 

আরও পড়ুন বিকেলেই বদলাবে আবহাওয়া! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সমুদ্রে নিষেধাজ্ঞা

 

টলিউডের এই প্রিয় পরিচালকের শেষযাত্রায় শামিল হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। পরিবারের পাশে দাঁড়াতে কেওড়াতলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক রুদ্রনীল ঘোষ। এ ছাড়াও প্রিয় ‘অনীকদা’-কে শেষ বিদায় জানাতে এসেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অভিনেতা সৌরভ দাস, সৌরসেনী মৈত্র, গায়িকা লগ্নজিতা চক্রবর্তী-সহ টলিপাড়ার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অশ্রুসজলের উপস্থিতিতেই পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন তিনি।

এ দিন পিস ওয়ার্ল্ড থেকে পরিচালকের মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে। সেখানে তাঁর অনুরাগী ও সাধারণ মানুষ প্রিয় পরিচালককে শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় এনটি-ওয়ান স্টুডিয়োয়। এই স্টুডিয়োর সঙ্গেই জড়িয়ে ছিল অনীকের কর্মজীবনের শুরুর দিককার অজস্র স্মৃতি। সেখান থেকে শেষযাত্রার গন্তব্য ছিল কেওড়াতলা।

অনীক দত্ত মানেই পর্দায় এক অন্য ধারার গল্প। বাংলা সিনেমায় ব্যঙ্গ এবং নিখাদ বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটিয়ে তিনি নিজেকে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিলেন। তাঁর ছবির সংলাপ যেমন ছিল ধারালো, তেমনই চরিত্ররা ছিল মাটির কাছাকাছি। বিনোদনের মোড়কে সমাজকে এক অন্য আয়নার সামনে দাঁড় করিয়ে দিতে ভালোবাসতেন তিনি। তাঁর প্রয়াণে টলিউড হারাল এক অনন্য চিন্তাধারার রূপকারকে।

বেঁচে থাকতে নিজের তৈরি ছবির জন্য প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে প্রায়শই নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে অনীক দত্তকে। সিনেমার মুক্তি নিয়ে বিতর্ক ও জট যেন পিছু ছাড়েনি তাঁর। তবে মৃত্যুর পর কাটতে চলেছে সেই জটিলতা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, প্রয়াত পরিচালকের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার নন্দনে অনীক দত্তর সমস্ত ছবি প্রদর্শিত হতে চলেছে।

জীবনের সফর হয়তো এখানেই শেষ হল, কিন্তু তাঁর সৃষ্টি, ধারালো সংলাপ আর ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি আজীবন থেকে যাবে প্রতিটা বাংলা সিনেমাপ্রেমীর মননে।

                                                                                                                                                                                         -অঙ্কিতা পাল

পরবর্তী খবর