সর্বশেষ সংবাদ
অবশেষে কাটল জট: চিংড়িঘাটায় শুরু হচ্ছে মেট্রোর কাজ, বড় বার্তা রেলমন্ত্রীর

অবশেষে কাটল জট: চিংড়িঘাটায় শুরু হচ্ছে মেট্রোর কাজ, বড় বার্তা রেলমন্ত্রীর

দীর্ঘ তিন বছরের টানাপোড়েন এবং আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (রুবি থেকে সল্টলেক সেক্টর ফাইভ) চিংড়িঘাটা অংশের থমকে থাকা কাজ। দীর্ঘদিন ধরে মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ আটকে থাকায় এই রুটের মেট্রো পরিষেবা চালু করা যাচ্ছিল না। অবশেষে সুপ্রিম কোর্টের সবুজ সংকেত এবং কলকাতা পুলিশের ছাড়পত্র মেলার পর, আজ ১৫ মে (শুক্রবার) রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন ইডি-র হেফাজতে ডিসি শান্তনু! জমি দখল থেকে পুলিশ বদলি, আর কী কী গোপন কীর্তি ফাঁস হল আদালতে?

 

চিংড়িঘাটা মেট্রোর ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মাঝে দুটি বিশাল গার্ডার বসানোর জন্য শুক্রবার রাত ৮টা থেকে শুরু হচ্ছে এই কাজ। যেহেতু এই গার্ডার দুটি ইএম বাইপাসের উপর বসানো হবে, তাই যান চলাচলের সুরক্ষার্থে কলকাতা পুলিশ আগামী ৬০ ঘণ্টার জন্য এই এলাকায় বিশেষ ট্রাফিক ব্লক বা যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হয়ে আগামী ১৮ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের উত্তরমুখী যান চলাচল নিয়ণ্ত্রণ করা হবে এবং গাড়িগুলিকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে চিংড়িঘাটা ফ্লাইওভারের নীচে ইএম বাইপাসের পশ্চিম অংশ এবং দ্বিতীয় পর্যায়ে পূর্ব অংশের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

চিংড়িঘাটার এই বহু প্রতীক্ষিত কাজ শুরু হতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ (সাবেক টুইটার) একটি বিশেষ বার্তা দিয়েছেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। ডবল ইঞ্জিন সরকার এসেছে। তিন বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটার সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশেরও অনুমতি পাওয়া গিয়েছে। এ বার কাজ শুরু হচ্ছে।’’ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) এস এস কান্নানও এই বিষয়ে আশাপ্রকাশ করে জানিয়েছেন যে, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রোর কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে এবং আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে এই রুটে যাত্রী পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সবমিলিয়ে চিংড়িঘাটার মতো অত্যন্ত ব্যস্ত মোড়ে মেট্রোর কাজ শুরু হওয়া কলকাতা তথা শহরতলীর নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত স্বস্তির খবর। সাময়িকভাবে যান নিয়ন্ত্রণের কারণে ইএম বাইপাসে কিছুটা যানজটের আশঙ্কা থাকলেও, এই কাজ সম্পন্ন হলে কলকাতার গণপরিবহণে এক নতুন দিগন্ত খুলে যাবে। দীর্ঘদিনের প্রশাসনিক ও আইনি জট কাটিয়ে চলতি বছরের শেষেই যে সাধারণ মানুষ এই রুটে মেট্রোর সুবিধা পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।

                                                                                        -জ্যোতি সরকার

পরবর্তী খবর