সর্বশেষ সংবাদ
পেট্রোল-ডিজেলের সঙ্গে আর কী কী জিনিসের দাম বাড়তে পারে? জানুন বিস্তারিত

পেট্রোল-ডিজেলের সঙ্গে আর কী কী জিনিসের দাম বাড়তে পারে? জানুন বিস্তারিত

ভোট মিটতে না মিটতেই সাধারণ মানুষের পকেটে বিরাট এক ধাক্কা দিল দেশের তেল কোম্পানিগুলো। যে আশঙ্কায় সাধারণ মানুষ এতদিন দিন কাটাচ্ছিল, ঠিক সেই আশঙ্কাই সত্যি করে দিয়ে এক রাতের মধ্যে মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়ল। শুক্রবার সকাল হতেই পেট্রোল আর ডিজেলের দাম যেভাবে এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হলো, তাতে সাধারণ মানুষের সংসার চালানো এখন কার্যত অসম্ভব হয়ে উঠতে চলেছে। প্রশ্ন উঠছে, এই মূল্যবৃদ্ধির ধাক্কা কি কেবল তেলের দামেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাবে এবার আগুন লাগবে আপনার প্রতিদিনের বাজারের থলিতেও?

 

আরও পড়ুন আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ! ৩ আইপিএস সাসপেন্ড করার পর মমতার ভূমিকাও খতিয়ে দেখার নির্দেশ শুভেন্দুর

 

নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেখা যাচ্ছে শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩ টাকা ২৯ পয়সা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সা। পিছিয়ে নেই ডিজেলও, কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা বাড়ার ফলে ডিজেল এখন বিক্রি হচ্ছে ৯৫ টাকা ১৩ পয়সা দরে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ইতিমধ্যেই ১১০ টাকার গণ্ডি অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে। হায়দ্রাবাদে এখন এক লিটার পেট্রোল কিনতে খরচ হচ্ছে ১১০ টাকা ৮৯ পয়সা, চিত্তুরে ১১৩ টাকা ২৭ পয়সা এবং নেলোরে ১১৩ টাকা ০৫ পয়সা। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের আকাল এবং বিদেশের যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের ওপর এই বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।  

সবচেয়ে ভয়ের বিষয় হলো ডিজেলের দাম বেড়ে যাওয়া। কারণ আমাদের দেশের পণ্য পরিবহণ ব্যবস্থা মূলত ডিজেল চালিত ট্রাকের ওপর নির্ভরশীল। ডিজেল দামী হওয়ার ফলে লরি বা ট্রাকের ভাড়া বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার রান্নাঘরে।  
সবজি ও ফল: ভিন রাজ্য থেকে আসা আলু, পেঁয়াজ ও ফলের দাম হু হু করে বাড়তে পারে। বিশেষ করে টমেটো এবং কাঁচা লঙ্কার মতো জিনিসের দাম দ্রুত বাড়তে শুরু করবে।
  মাছ ও মাংস: মাছ বা মাংসের মতো পচনশীল পণ্য পরিবহণে বাড়তি খরচ হওয়ায় বাজারে এগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
প্যাকেটজাত খাবার: বিস্কুট, রান্নার তেল থেকে শুরু করে চাল ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেড়ে যেতে পারে।

জ্বালানির এই আঁচ শুধু বাজারেই নয়, আপনার যাতায়াতের ওপরেও সমানভাবে প্রভাব ফেলবে। বিমান জ্বালানির দাম বাড়ার কারণে সামনেই ছুটির মরশুমে বিমানের টিকিট অনেক বেশি দামী হতে পারে। পাশাপাশি ওলা-উবার কিংবা জোম্যাটো-সুইগির মতো অনলাইন ডেলিভারি সংস্থাগুলো তাদের বাড়তি খরচ সামলাতে ডেলিভারি চার্জ বা প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিতে পারে। এমনকি দিল্লিতে সিএনজির দাম কেজি প্রতি ২ টাকা বেড়ে যাওয়ায় অটো এবং ট্যাক্সি চালকরাও এখন ভাড়া বাড়ানোর দাবি নিয়ে সরব হতে শুরু করেছেন।

সবমিলিয়ে আপাতদৃষ্টিতে এই মূল্যবৃদ্ধি সামান্য মনে হলেও, এটি আসলে এমন একটি চক্র যা ধীরে ধীরে আপনার সংসারের প্রতিটি জিনিসের খরচ বাড়িয়ে তুলবে। শহরের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও এর প্রভাব হবে মারাত্মক, কারণ চাষাবাদের খরচও এর ফলে বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এবং জ্বালানির দাম এভাবেই বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবনযাপন যে আগামী দিনে আরও দুর্বিষহ হয়ে উঠবে, সেই ভয় এখন সবার মনে দানা বাঁধছে। এখন দেখার বিষয়, সরকার এই মূল্যবৃদ্ধি রুখতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে কোনো বড় পদক্ষেপ নেয় কি না। 

                                                                                                                                                                              -জ্যোতি সরকার

পরবর্তী খবর