সকাল হতেই বড়সড় এক ঝটকা আছড়ে পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। রাত পোহাতেই আপনার রোজকার জীবনের অতি প্রয়োজনীয় জিনিসের দামটা আজ বদলে গিয়েছে। প্রতি লিটারে কয়েক টাকার এই হেরফের আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও, মধ্যবিত্তের পকেটে তা এক বড়সড় টান দিতে শুরু করেছে আজ থেকেই। আমুল তাদের দুধের দামে যে বদল এনেছে, তার ফলে আজ সকাল থেকেই আপনার মাসিক বাজেটে বড়সড় ওলটপালট হতে চলেছে।
আরও পড়ুন জ্বালানি সাশ্রয়ে নজিরবিহীন উদ্যোগ: এসকট ছেড়ে বাইসাইকেলে কৃষিমন্ত্রী রতন লাল নাথ, শামিল অন্যান্যরাও
গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এর রিপোর্ট অনুযায়ী আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে আমুল দুধের এই নতুন মূল্যতালিকা। লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে সরাসরি ২ টাকা। এক নজরে দেখে নিন কোন প্যাকেটের দাম কত হলো:
আমুল গোল্ড: এক লিটার প্যাকেটের দাম ৬৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা।
আমুল বাফেলো মিল্ক: প্রতি লিটার ৭৪ টাকার বদলে দিতে হচ্ছে ৭৬ টাকা।
আমুল কাউ মিল্ক: লিটারে ২ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ৬০ টাকা।
আমুল তাজা ও স্লিম অ্যান্ড ট্রিম: এই জনপ্রিয় ভ্যারিয়েন্টগুলোর দামও লিটারে ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
মূলত পশুখাদ্য এবং প্যাকেজিং উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা। শুধু আমুল নয়, এই মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে সরকারি স্তরেও। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধীনে থাকা মাদার ডেয়ারিও তাদের দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দাম বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আনুষঙ্গিক খরচ ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণেই প্রশাসন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। মন্ত্রীর দাবি, চাষিদের ন্যায্য মূল্য দিতে এবং দুধের গুণমান সুনিশ্চিত করতেই এই সমন্বয় প্রয়োজন ছিল।
সবমিলিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে, যার আঁচ সরাসরি পড়ছে চা-মিষ্টির দোকান থেকে শুরু করে রেস্তোরাঁগুলোতেও। একদিকে আকাশছোঁয়া বাজার আর অন্যদিকে পুষ্টির জোগান এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে মধ্যবিত্ত পরিবারগুলো আজ থেকে কতটা হিমশিম খাবে, এখন সেটাই দেখার বিষয়।
-জ্যোতি সরকার