দেশ গড়ার পথ শুধু বড় বড় ঘোষণায় তৈরি হয় না, অনেক সময় তা শুরু হয় সাধারণ কিছু উদ্যোগ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি তাঁর সরকারি নিরাপত্তা বলয় বা এসকট গাড়ি ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। এখন থেকে যাতায়াতের জন্য তিনি ব্যবহার করবেন সাধারণ বাইসাইকেল।
আরও পড়ুন হাইকোর্টে ধুন্ধুমার! মমতাকে লক্ষ্য করে স্লোগান, শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি কল্যাণের!
গতকাল থেকেই মন্ত্রী রতন লাল নাথ এসকট গাড়ি বিদায় জানিয়েছেন। আজ সকালে তিনি নিজেই বাইসাইকেল চালিয়ে রাস্তায় বের হন। এই সময় তিনি তাঁর শৈশবের সেই চেনা প্যাডেলের শব্দের কথা স্মরণ করেন। মন্ত্রী জানান, এই উদ্যোগের ফলে তিনি মাটির কাছাকাছি থাকার এক অন্যরকম অনুভূতি খুঁজে পেয়েছেন। তাঁকে সাধারণ পোশাকে সাইকেল চালাতে দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর এই ডাকে শুধু কৃষিমন্ত্রী একাই নন, আরও অনেকেই এগিয়ে এসেছেন। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীও তাঁর এসকট গাড়ি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া প্রদীপ বিজলী এবং পূর্ণিমা চক্রবর্তীও এই মহৎ কাজে যোগ দিয়েছেন। প্রদীপ বিজলীকে সাইকেল নিয়ে পথে নামতে দেখা গেছে এবং পূর্ণিমা চক্রবর্তী তাঁর স্কুটি ব্যবহার করে জ্বালানি বাঁচানোর বার্তা দিচ্ছেন।
জ্বালানি সংকট মোকাবিলায় রাজ্য সরকারও এখন বেশ তৎপর হয়েছে। সরকারি অফিসে কর্মীদের ৫০ শতাংশ উপস্থিতির মতো বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো তেলের খরচ কমানো এবং পরিবেশকে রক্ষা করা।
সবমিলিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ দেশপ্রেমকে অভ্যাসের মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, তেল বাঁচিয়ে এবং প্রকৃতিকে রক্ষা করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী গড়া সম্ভব। তাঁর এই বাইসাইকেল যাত্রা ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। পরিবেশবান্ধব এই উদ্যোগ আগামী দিনে এক বড় পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
-জ্যোতি সরকার