২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। ভোট গণনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হলো ‘বাংলা পক্ষ’ সংগঠনের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকা থেকে কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করে।
আরও পড়ুন বাতিল সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষা, প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে সিবিআই; উদ্বেগে লক্ষ লক্ষ পরীক্ষার্থী
পুলিশ সূত্রে খবর, উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, ভোট গণনার সময় ইভিএম (EVM) হাতবদল বা কারচুপি করা হচ্ছে, এমন দাবি তুলে সমাজমাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছিলেন গর্গ। নির্বাচন কমিশনের মতে, এই ধরণের মিথ্যে তথ্য শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং এটি সরাসরি নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের শামিল। এই অভিযোগের ভিত্তিতেই ময়দান থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছিল।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, গর্গ চট্টোপাধ্যায়কে এর আগে দু’বার তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। তদন্তকারীদের দাবি, তাঁর পোস্টগুলিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরির ইঙ্গিত ছিল। এছাড়াও গ্রেফতারির সময় গর্গের সঙ্গে থাকা একজন পুলিশ কর্মীর কাছ থেকে কার্তুজ পাওয়া গিয়েছে, যা নিয়ে আলাদা করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নেতা কীভাবে সরকারি পিএসও (PSO) পাচ্ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সবমিলিয়ে আপাতত গর্গ চট্টোপাধ্যায়কে লালবাজারে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে এবং পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে। নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন যে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে, এই ঘটনা তারই প্রমাণ। এখন আদালতের রায়ে তাঁর ভাগ্যে কী ঘটে, সেটাই এখন দেখার।
-জ্যোতি সরকার