বাংলায় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে শনিবার। পঁচিশে বৈশাখ ব্রিগেডে আয়োজিত হতে চলেছে নবগঠিত রাজ্য সরকারের রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে তিলোত্তমায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শনিবার ভোর থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশি বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় সাধারণ যান চলাচল বন্ধ রাখা হতে পারে বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিশেষ করে রেড রোড ও সংলগ্ন এলাকাগুলোতে কড়া নজরদারি থাকবে। যে রাস্তাগুলোতে প্রভাব পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি:
*এসপ্ল্যানেড র্যাম্প ও কেপি রোড।
*হসপিটাল রোড ও লাভার্স লেন।
*ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও কুইন্সওয়ে।
*ক্যাথিড্রাল রোড।
আরও পড়ুন ৫ দাপুটে মুখপাত্রকে শোকজ তৃণমূলের, ভাঙনের মুখে ঘাসফুল শিবির?
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী বা মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়িকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। ছাড় পাবে:
*এলপিজি (LPG) সিলিন্ডার, সিএনজি (CNG) ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী গাড়ি।
*অক্সিজেন ও ওষুধ সরবরাহের গাড়ি।
*দুধ, শাকসবজি, ফল ও মাছ বহনকারী গাড়ি।
শপথগ্রহণ অনুষ্ঠানে আসা ভিভিআইপিদের যাতায়াত মসৃণ রাখতে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। হেস্টিংস মোড় থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত অংশ, খিদিরপুর রোড এবং হসপিটাল রোডের ধারে কোনও গাড়ি দাঁড় করানো যাবে না।
সবমিলিয়ে শনিবার পঁচিশে বৈশাখ একদিকে যেমন রবীন্দ্রজয়ন্তী, অন্যদিকে তেমনই শপথগ্রহণ অনুষ্ঠানের উত্তেজনা। প্রধানমন্ত্রীর সফর ও মেগা অনুষ্ঠানের জেরে মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশে যানজটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই জরুরি প্রয়োজন ছাড়া শনিবার ব্রিগেডের দিকের রাস্তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। শহরের সর্বশেষ ট্রাফিক আপডেট জানতে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
-জ্যোতি সরকার