সর্বশেষ সংবাদ
হঠাৎ কেন মুসৌরি ছেড়ে লাহোরে? বাংলাদেশের আমলাদের পাকিস্তান সফরকে ঘিরে অস্বস্তিতে নয়াদিল্লি

হঠাৎ কেন মুসৌরি ছেড়ে লাহোরে? বাংলাদেশের আমলাদের পাকিস্তান সফরকে ঘিরে অস্বস্তিতে নয়াদিল্লি

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা প্রশাসনিক ঘনিষ্ঠতা নিয়ে এবার দিল্লির কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশের এই পদক্ষেপকে নিছক কোনো সাধারণ সফর হিসেবে দেখছেন না ভারতের বিশেষজ্ঞরা। 

 

আরও পড়ুন নবান্নে ‘প্রাক্তন’, ফেসবুকে ‘মুখ্যমন্ত্রী’! ইস্তফা না দিয়ে কোন পথে মমতা?

 

বিশেষ করে, যে দেশ সবসময় ভারতের সাথে প্রশাসনিক কাজে যুক্ত থাকে, তাদের আমলারা হঠাৎ পাকিস্তানে কেন যাচ্ছেন, তা নিয়ে দিল্লিতে তৈরি হয়েছে অস্বস্তি। সাধারণত বাংলাদেশের বড় কর্মকর্তারা ভারতের মুসৌরিতে এসে উন্নত প্রশিক্ষণ নেন। কিন্তু এবার সেই চেনা ছবি বদলে গেছে। জানা গেছে, বাংলাদেশের ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এক বিশেষ ট্রেনিং নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন। ৪ মে-২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে এই প্রশিক্ষণ চলবে।

ভারতের জন্য আরও বড় উদ্বেগের বড় হল, এই সফরের পুরো টাকা দিচ্ছে পাকিস্তান সরকার। দিল্লির কূটনীতিকদের ধারণা, বাংলাদেশের কর্মকর্তাদের ওপর নিজেদের প্রভাব বাড়াতেই পাকিস্তান এই সুযোগ করে দিয়েছে। এছাড়া এই দলে স্বরাষ্ট্র ও জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা থাকায় বিষয়টি আরও বেশি নজরে আসছে।

প্রশিক্ষণে যাওয়া এই দলে ১১ জন যুগ্ম সচিব এবং একজন অতিরিক্ত সচিব রয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মকর্তাদের পাকিস্তান যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ শেষে দ্রুত দেশে ফিরে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সফর চলাকালীন তারা তাদের নিয়মিত বেতন-ভাতাও পাবেন।

নয়াদিল্লির সাউথ ব্লক এই পুরো বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ভারতের 'প্রতিবেশী প্রথম' নীতির মাঝে পাকিস্তানের এই হঠাৎ আনাগোনা কি ঢাকার কোনো বড় পরিবর্তন? বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ হয়তো সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে, তবে ভারতের জন্য এটি ভবিষ্যতে একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

                                                                                                                                                                                                  -দিশা দাস

পরবর্তী খবর