সর্বশেষ সংবাদ
মাছ-ঝালমুড়ির পর এবার মা গঙ্গা! সাতসকালে হুগলি নদীতে নৌকাবিহারে প্রধানমন্ত্রী মোদী

মাছ-ঝালমুড়ির পর এবার মা গঙ্গা! সাতসকালে হুগলি নদীতে নৌকাবিহারে প্রধানমন্ত্রী মোদী

বাংলায় বিধানসভা ভোটের প্রথম দফার ঠিক পরের দিনই শহর কলকাতায় এক অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গার বুকে নৌকায় ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে। কিছুদিন আগে মাছ এবং ঝালমুড়ি নিয়ে চর্চার পর, এবার প্রধানমন্ত্রীর কথায় উঠে এল ‘মা গঙ্গা’ ও বাঙালির আবেগের কথা।

শুক্রবার সকালে কলকাতার গোয়ালিয়র ঘাটে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে একটি সাধারণ নৌকায় চড়ে বেশ কিছুক্ষণ হুগলি নদীতে সময় কাটান তিনি। নিজের ক্যামেরা দিয়ে গঙ্গার দুই ধারের ছবিও তোলেন। পরে সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, "প্রত্যেক বাঙালির মনে মা গঙ্গার একটা আলাদা জায়গা আছে। গঙ্গা যেন বাংলার আত্মার ভেতর দিয়ে বয়ে চলে।" নৌকায় ঘোরার সময় তিনি ওখানকার মাঝি এবং সকালে হাঁটতে আসা মানুষের সঙ্গেও কথা বলেন।

 

আরও পড়ুন দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি, তবে সপ্তাহান্তেই ধেয়ে আসছে কালবৈশাখী; কবে কোথায় স্বস্তির বৃষ্টি?

 

গঙ্গার ধার থেকে প্রধানমন্ত্রী বিশেষ একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, বাংলার মানুষের উন্নতি এবং মঙ্গলের জন্য তিনি কাজ করে যেতে চান। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে, গঙ্গা যেমন আমাদের প্রাচীন ঐতিহ্যের প্রতীক, তেমনই তাঁর লক্ষ্য হলো বাংলার গৌরব ফিরিয়ে আনা। সামনেই কলকাতা, হাওড়া ও হুগলিতে ভোট, তাই গঙ্গার পারের এই জেলাগুলোর মানুষের মন জয় করতেই প্রধানমন্ত্রীর এই সফর বলে মনে করছে অনেকে।

প্রধানমন্ত্রীর এই গঙ্গাসফর নিয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসও। তারা কটাক্ষ করে বলেছে, ভোটের আগে মানুষের মন পেতেই প্রধানমন্ত্রী এই কাজ করছেন। গঙ্গার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নের জন্য যে প্রকল্প ছিল, তার কাজ কতদূর এগিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির।

সবমিলিয়ে প্রথম দফার ভোট মিটে যাওয়ার পর প্রধানমন্ত্রীর এই নৌকাভ্রমণ নির্বাচনী লড়াইয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাঙালির প্রিয় গঙ্গাকে ছুঁয়ে তিনি যে মানুষের মনের কাছাকাছি পৌঁছাতে চাইছেন, তা স্পষ্ট। এখন দেখার, প্রধানমন্ত্রীর এই ‘গঙ্গা সফর’ ভোটারদের ওপর কতটা প্রভাব ফেলে।

                                                                                                                                                         -জ্যোতি সরকার

পরবর্তী খবর