সর্বশেষ সংবাদ
নন্দীগ্রামে বড় 'স্বস্তি' পবিত্রের! আপাতত গ্রেফতারি নয়, জানাল হাইকোর্ট

নন্দীগ্রামে বড় 'স্বস্তি' পবিত্রের! আপাতত গ্রেফতারি নয়, জানাল হাইকোর্ট

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তপ্ত নন্দীগ্রাম। আর সেই হাই-প্রোফাইল কেন্দ্রের তৃণমূল প্রার্থী পবিত্র করের জন্য এল বড় স্বস্তি। তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর নিয়ে আপাতত কঠোর কোনও পদক্ষেপ বা গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের একক বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।

 

আরও পড়ুন উন্নয়ন বনাম দুর্নীতি: রামপুরহাটে বিস্ফোরক বার্তা যোগী আদিত্যনাথের

 

নন্দীগ্রামে লড়াই এবার বেশ কঠিন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী পবিত্র কর এবার তৃণমূলের টিকিটে তাঁর বিরুদ্ধেই লড়াই করছেন। সম্প্রতি নন্দীগ্রাম থানায় পবিত্র কর ও বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের বিরুদ্ধে মারধর, হুমকি এবং ছিনতাইয়ের অভিযোগে এফআইআর দায়ের হয়। বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে একে শুরু থেকেই 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে দাবি করা হচ্ছিল।

এই এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পবিত্র কর। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত পবিত্র করের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ (যেমন গ্রেফতার বা আটক) নিতে পারবে না পুলিশ। তবে আইনি প্রক্রিয়া বা তদন্ত বন্ধ হচ্ছে না; পুলিশ মামলার তদন্ত চালিয়ে যেতে পারবে। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ। ঠিক তার কয়েকদিন আগেই আদালতের এই রক্ষাকবচ তৃণমূল প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যেমন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পবিত্র করের পঞ্চায়েত সদস্য পদ ইস্তফা না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে এই স্বস্তি প্রার্থীকে প্রচারের ময়দানে মানসিকভাবে অনেকটা এগিয়ে দেবে বলেই মনে করছেন তাঁর সমর্থকরা।

                                                                                                                    -জ্যোতি সরকার

পরবর্তী খবর