২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। বুধবার বিকেলে সেই উত্তাপের আঁচ পাওয়া গেল হাওড়ার বালিতে। বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহের সমর্থনে রোড শো করতে গিয়ে মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সমর্থকদের দেওয়া স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নামার উপক্রম করেন। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন আজই ফিরছে কালবৈশাখী, জেনে নিন আপডেট
এদিন বিকেলে বালি বিধানসভা কেন্দ্রের গোস্বামীপাড়া এলাকা দিয়ে যখন শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল, তখনই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একদল তৃণমূল সমর্থক তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে প্রচার করা শুভেন্দু অধিকারী এই স্লোগান শুনেই দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন। ভিডিওতে দেখা গিয়েছে, তিনি উত্তেজিতভাবে সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন এবং গাড়ি থেকে নিচে নামার চেষ্টা করছেন। পরিস্থিতি বেগতিক দেখে তাঁর নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে আটকে দেন এবং গাড়ি থেকে নামতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক বাদানুবাদ শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী সরাসরি বালি থানার আইসি-র দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, পুলিশের মদতেই তৃণমূল এই অশান্তি পাকানোর সাহস পেয়েছে এবং এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র এই ঘটনাকে কটাক্ষ করে জানিয়েছেন যে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত স্লোগান শুনে শুভেন্দুর মেজাজ হারানোই প্রমাণ করে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তৃণমূল শিবিরের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে যাওয়া মানেই বাঙালির আবেগ ও সংস্কৃতির বিরোধিতা করা।
বালির এই ঘটনা বাংলার ভোট রাজনীতির চিরাচরিত সংঘাতকেই আবারও সামনে এনে দিল। একদিকে নির্বাচন কমিশনের কড়া নজরদারি, আর অন্যদিকে যুযুধান দুই পক্ষের স্লোগান যুদ্ধ, সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, লড়াই যে আরও কঠিন হবে তার ইঙ্গিত বালির এই ঘটনাতেই স্পষ্ট। এখন দেখার, নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।
-জ্যোতি সরকার