সর্বশেষ সংবাদ
আজই ফিরছে কালবৈশাখী, জেনে নিন আপডেট

আজই ফিরছে কালবৈশাখী, জেনে নিন আপডেট

চড়চড়ে রোদ আর ভ্যাপসা গরমে যখন নাজেহাল বঙ্গবাসী, ঠিক তখনই খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। বিকেলের পর থেকেই আবহাওয়ার ভোলবদল হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

 

আরও পড়ুন অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগেই বড় ফাটল! চুঁচুড়ায় ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন মিছিল

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ  এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলোতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকেও অর্থাৎ শনি ও রবিবার বীরভূম ও মুর্শিদাবাদের মতো কিছু এলাকায় হালকা বৃষ্টির রেশ থাকতে পারে।

বৃষ্টির ফলে কালকের মধ্যে তাপমাত্রা কিছুটা কমলেও গরম থেকে পুরোপুরি রেহাই মিলছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে আগামীকাল শুক্রবার আবহাওয়া কিছুটা আরামদায়ক হলেও শনিবার থেকে ফের পারদ চড়তে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে। অর্থাৎ, কালবৈশাখী সাময়িক স্বস্তি দিলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী সাতদিন।

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির ধারা বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি সেখানেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে গরমের দাপট খুব একটা কমবে না।

সব মিলিয়ে আজ বিকেলের পর থেকে তপ্ত বাংলায় এক পশলা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী কোনো আরাম দেবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সপ্তাহান্তে আবারও রোদের তেজ বাড়তে পারে। তাই বৃষ্টির আনন্দ নিলেও গরম মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে সাধারণ মানুষকে।

                                                                                                                                                                     -জ্যোতি সরকার

পরবর্তী খবর