ভোটের ময়দানে দেওয়াল দখল বা পোস্টার ছেঁড়া নিয়ে অশান্তি নতুন কিছু নয়। কিন্তু নিজের জয়ের জন্য লাগানো পোস্টার যদি খোদ প্রার্থীই রাগে ছিঁড়ে ফেলেন, তবে তা অবাক করার মতোই ঘটনা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার বেলেঘাটায় ঠিক এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা। এক অনন্য নজির গড়ে নিজের প্রচার নিজেই নষ্ট করলেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ।
আরও পড়ুন বৈশাখের আগেই ৭ ডিগ্রি চড়বে পারদ, আবহাওয়ার ভয়ংকর ভোলবদল!
শুক্রবার সন্ধ্যায় বেলেঘাটার গড়পাড় রোড এলাকায় যখন ভোটের প্রচার তুঙ্গে, ঠিক তখনই তৈরি হয় এক উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ ওঠে, সেখানে সিপিএম প্রার্থী পারমিতা রায়ের সমর্থনে লাগানো পোস্টারের ওপর জোর করে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। এই খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তার তোয়াক্কা না করে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যান কুণাল। সেখানে তখন উপস্থিত ছিলেন সিপিএমের কয়েকজন স্থানীয় নেতা ও কর্মীও।
সবাই যখন ভাবছিলেন হয়তো বচসা বাড়বে, তখনই দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। কুণাল ঘোষ নিজেই দেওয়াল থেকে নিজের প্রচারের পোস্টারগুলো টেনে ছিঁড়তে শুরু করেন। দেখা যায়, অতি-উৎসাহী কিছু তৃণমূল কর্মী সিপিএম প্রার্থীর পোস্টার ঢেকে দিয়ে কুণালের নাম সাঁটিয়েছিল। এই অন্যায় দেখে মেজাজ হারান তৃণমূল নেতা। রাস্তার ওপর দাঁড়িয়েই নিজের প্রচার নষ্ট করে তিনি বুঝিয়ে দিলেন যে, গায়ের জোর নয় বরং মানুষের মন জয় করাই তাঁর আসল লক্ষ্য।
পোস্টার ছেঁড়ার পর সেখানেই দাঁড়িয়ে কুণাল ঘোষ নিজের কর্মীদের দিকে তাকিয়ে এক চরম হুঁশিয়ারি দেন। তিনি সাফ জানিয়ে দেন, "এমন অতি-উৎসাহী কর্মী আমার প্রয়োজন নেই যারা অন্যের প্রচারে বাধা দেয়।" এমনকি উপস্থিত এক সিপিএম নেতাকে ডেকে তিনি বলেন, "আমি এসব পছন্দ করি না। আপনারা আপনাদের পোস্টার আবার লাগিয়ে দিন। কেউ বাধা দিলে আমাকে জানাবেন।" মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো 'রাজনৈতিক সৌজন্যের' পাঠ যে তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন, এই ঘটনা ছিল তারই এক জীবন্ত প্রমাণ।
-জ্যোতি সরকার