সর্বশেষ সংবাদ
ইডি দফতরে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার: জমি দুর্নীতি মামলায় ফের তলব

ইডি দফতরে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার: জমি দুর্নীতি মামলায় ফের তলব

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই আইনি জটিলতায় বিদ্ধ রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। শুক্রবার সকালে দ্বিতীয়বারের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দেন তিনি। মূলত জাল নথির মাধ্যমে জমি দখল এবং আর্থিক অনিয়মের অভিযোগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সম্প্রতি 'বেঙ্গল এনার্জি' নামক একটি বেসরকারি সংস্থায় আর্থিক তছরুপের খোঁজে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়, যেখানে দেবাশিস কুমারের নামের উল্লেখ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি দখল এবং সেখানে বেআইনি নির্মাণকাজে তাঁর যোগসূত্র রয়েছে।

 

আরও পড়ুন  মালদহ-কাণ্ডে গ্রেফতার 'মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম: বাগডোগরা বিমানবন্দর থেকে পাকড়াও

 

এর আগে গত সোমবার (৩০ মার্চ) দেবাশিস কুমারকে প্রথম দফায় তলব করেছিল ইডি। সেদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে আজ শুক্রবার ফের হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রয়োজনীয় কাগজ নিয়ে কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হন রাসবিহারীর হেভিওয়েট প্রার্থী।

সবমিলিয়ে ভোটের মুখে যখন তৃণমূল প্রার্থী হিসেবে জনসংযোগ ও প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দেবাশিস কুমার, ঠিক তখনই ইডির এই সক্রিয়তা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। যদিও এই জিজ্ঞাসাবাদ নিয়ে এখনও প্রার্থীর তরফ থেকে বিশেষ কোনও মন্তব্য পাওয়া যায়নি। কেন্দ্রীয় সংস্থার তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এর প্রভাব নির্বাচনী ময়দানে কতটা পড়ে, এখন সেটাই দেখার।

                                                                                                         - জ্যোতি সরকার 

পরবর্তী খবর