কলকাতার রাজপথে নিশ্চিন্তে যাতায়াতের দিন এক নিমেষেই ফুরিয়ে গেল। যে লাক্সারি বাসগুলো গত দু’বছর ধরে অফিসযাত্রীদের সবথেকে বড় ভরসা হয়ে উঠেছিল, আজ হঠাৎ তাদের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। আগামীকাল, অর্থাৎ ২রা এপ্রিল থেকে তিলোত্তমার রাস্তায় আর দেখা যাবে না Uber Shuttle। সংস্থার এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়েছে হাজার হাজার নিত্যযাত্রীর। কোনো আগাম সতর্কতা ছাড়াই মধ্যবিত্তের পছন্দের এই এসি বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন পশ্চিম এশিয়া-র যুদ্ধের জেরে আকাশ পথে বড়ো সংকট! কমতে পারে কি বিমান সংখ্যা?
২০২৪-এর মার্চে পথ চলা শুরু হয়েছিল Uber Shuttle। মাত্র ৬০টি বাস নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, এক বছরের মাথাতেই তা পৌঁছে গিয়েছিল ১৬০-এ। পরিসংখ্যান বলছে, মাসে প্রায় ১৭ লক্ষ বুকিং হতো এই অ্যাপ-নির্ভর বাসে। বিশেষ করে সকালে ও রাতে যখন সাধারণ বাসের আকাল থাকে, তখন এই Shuttleই ছিল তথ্য-প্রযুক্তি কর্মীদের আসল লাইফলাইন। দাঁড়িয়ে যাওয়ার ঝক্কি নেই, ভাড়ার টানাপোড়েন নেই নিজের সিটে বসে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানো। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ এই পিছুটান শহরবাসীকে চরম বিপাকে ফেলেছে।
এই সিদ্ধান্তে শুধু যাত্রীরাই নন, ঘোর সংকটে পড়েছেন বাস মালিক ও চালকরাও। চড়া সুদে ঋণ নিয়ে যাঁরা নামী-দামী লাক্সারি বাস রাস্তায় নামিয়েছিলেন, আজ তাঁদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে। অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর গিল্ডের দাবি, হঠাৎ কাজ হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বহু মানুষের। অন্যদিকে, কাল থেকে সেক্টর ফাইভ বা সল্টলেকের অফিসযাত্রীদের আবার সেই চড়া ভাড়ার অ্যাপ-ক্যাব কিংবা বাদুড়ঝোলা ভিড় বাসের ওপরেই নির্ভর করতে হবে।
সবমিলিয়ে কলকাতার মতো ব্যস্ত শহরে যেখানে উন্নত পরিবহনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে, সেখানে Uber Shuttle-র মতো একটি সফল পরিষেবা বন্ধ হয়ে যাওয়া এক বড় শূন্যতা তৈরি করল। লাভ-ক্ষতির অংক হয়তো সংস্থার কাছে বড়, কিন্তু যে লাখো মানুষ এই পরিষেবায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তাঁদের জন্য কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়নি। কাল থেকে রাজপথের সেই আরামদায়ক বাসগুলো শুধুই স্মৃতি হয়ে রয়ে যাবে। আপাতত এক অনিশ্চিত যাতায়াতের পথেই পা বাড়াতে হচ্ছে শহরবাসীকে।
-জ্যোতি সরকার