সর্বশেষ সংবাদ
ভবানীপুরে শাহ-শুভেন্দু জুটির মেগা শো! বৃহস্পতিবার মনোনয়ন পেশে সঙ্গী থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ভবানীপুরে শাহ-শুভেন্দু জুটির মেগা শো! বৃহস্পতিবার মনোনয়ন পেশে সঙ্গী থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম বাংলার রাজনীতি। বিশেষ করে নজরকাড়া কেন্দ্র ভবানীপুরকে কেন্দ্র করে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার সরাসরি ময়দানে নামছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

আরও পড়ুন ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! ১ এপ্রিল থেকেই পকেটে বড় ধাক্কা, কত হল নতুন রেট?

 

বিজেপি সূত্রে খবর, বুধবার রাতেই কলকাতায় পা রাখছেন অমিত শাহ। এরপর বৃহস্পতিবার তিনি ভবানীপুরে শুভেন্দু অধিকারীর সমর্থনে একটি মেগা রোড শো করবেন। রোড শো শেষে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু বাবু। উল্লেখযোগ্য বিষয় হলো, মনোনয়ন পেশের সময়ও শুভেন্দুর পাশেই থাকবেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উপস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গত সপ্তাহেই রাজ্যে এসে তৃণমূলের দীর্ঘ শাসনের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করেছিলেন অমিত শাহ। তিনি দাবি করেছেন, এবার বাংলাতেও পরিবর্তনের হাওয়া বইছে এবং বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। অন্যদিকে, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নন্দীগ্রাম থেকে মনোনয়ন জমা দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে ২৪ এপ্রিল থেকে তিনি ভবানীপুরেই ঘাঁটি গাড়বেন। ২৯ এপ্রিল ভোট মিটে যাওয়ার পর তবেই তিনি এই কেন্দ্র ছাড়বেন।

ভবানীপুর মানেই বাংলার রাজনীতির এপিসেন্টার। একদিকে যখন শুভেন্দু অধিকারী ও অমিত শাহের হাই-ভোল্টেজ প্রচারের প্রস্তুতি চলছে, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও কোমর বেঁধে নামছে। তৃণমূল সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল এই কেন্দ্রের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়ন জমা দেবেন। ফলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই ভবানীপুরের লড়াই যে অনন্য মাত্রা পেতে চলেছে, তা বলাই বাহুল্য।

সব মিলিয়ে, বৃহস্পতিবারের এই রোড শো এবং মনোনয়নকে কেন্দ্র করে কলকাতার রাজনীতির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে। একদিকে বিজেপির হেভিওয়েট জুটির লড়াই, অন্যদিকে নিজের খাসতালুক রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল শেষ পর্যন্ত ভবানীপুরের রায় কার দিকে যায়, সেটাই এখন দেখার।

                                                                                                                                                                                              -জ্যোতি সরকার

পরবর্তী খবর