বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বর্তমানে দুই দিনের সাংগঠনিক সফরে কলকাতায় রয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল সাজাতে এবং নিচুতলার কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই ঝটিকা সফর। মঙ্গলবার সকাল থেকেই নিউটাউনের একটি হোটেলে তিনি দফায় দফায় বৈঠক শুরু করেছেন, যেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন জোনের পদাধিকারীরা উপস্থিত রয়েছেন।
সফরের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার পুরোটাই সাংগঠনিক আলোচনার জন্য বরাদ্দ করেছেন নিতিন নবীন। বেলা ১১টা থেকে তিনি কলকাতা, হাওড়া, হুগলি ও মেদিনীপুর জোনের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। এরপর দুপুর থেকে বিকেল পর্যন্ত দলের আইটি সেল, কল সেন্টার এবং সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে বিশেষ আলোচনা করবেন, যেখানে আগামী দিনের প্রচারের অভিমুখ বা 'ন্যারেটিভ' কী হবে তা নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি। দিনের শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন ইন্ডিয়া পোস্টের নামে ভুয়ো উপহারের ফাঁদ! বিভ্রান্ত না হওয়ার পরামর্শ সরকারের
বুধবার সকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন বিজেপি সভাপতি। এরপর সল্টলেক বিজেপি অফিসে রাজ্য নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দুপুরের দিকে দলের বিভিন্ন শাখা সংগঠন যেমন যুব, মহিলা, এসসি-এসটি এবং ওবিসি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এছাড়া বিভিন্ন এনজিও এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। বিকেলের দিকে নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে শেষ বৈঠক সেরে ৫টা ৫০ মিনিটের বিমানে তিনি পাটনার উদ্দেশে রওনা দেবেন।
সামগ্রিকভাবে, নিতিন নবীনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিচুতলার সংগঠনকে শক্তিশালী করা এবং আইটি সেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দলের প্রচারকে আরও ধারালো করাই তাঁর এই সফরের মূল লক্ষ্য। দুই দিনের এই ম্যারাথন বৈঠকের মাধ্যমে তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করে দেবেন বলে আশা করা হচ্ছে।
-জ্যোতি সরকার