সর্বশেষ সংবাদ
কলকাতার বুকে ‘গো ব্যাক মোদী’ হোর্ডিং! পদ্ম শিবিরকে কি বয়কট করছে বাংলা?

কলকাতার বুকে ‘গো ব্যাক মোদী’ হোর্ডিং! পদ্ম শিবিরকে কি বয়কট করছে বাংলা?

ব্রিগেডে সভার আগে শনিবার দুপুরেই কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যখন গেরুয়া শিবির শহরজুড়ে বিশাল বিশাল 'ওয়েলকাম' হোর্ডিং লাগিয়েছে, ঠিক তখনই পাল্টা হিসেবে কলকাতার রাজপথে দেখা গেল ‘গো ব্যাক মোদী’ পোস্টার ও হোর্ডিং। মোদীর আগমনের আগেই এই হোর্ডিং রাজনীতিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে তিলোত্তমার আনাচে-কানাচে।

 

কলকাতার ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই হোর্ডিংগুলিতে সরাসরি আক্রমণ শানানো হয়েছে কেন্দ্রকে। হোর্ডিংয়ে লেখা - “বাংলার ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা ফেরত দাও”, “বাংলার আইকনদের অপমান বন্ধ করো”। নেটিজেনদের একাংশ মনে করছেন, নির্বাচনের আগে রাজ্যপাল বদল এবং কেন্দ্রের নানা সিদ্ধান্তে বাংলার মানুষ যে ক্ষুব্ধ, এই হোর্ডিংগুলি তারই বহিঃপ্রকাশ।

 

সামনেই কড়া নাড়ছে বিধানসভা ভোট। তার আগেই এই ধরনের রাজনৈতিক চাপানউতোর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যপাল পরিবর্তন নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। বাংলার মানুষের দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বাংলাকে বারবার বঞ্চিত করছে দিল্লি। এর পাশাপাশি এই রাজ্যে প্রধানমন্ত্রী আসার আগেই "গো ব্যাক" এবং "বয়কট বিজেপি" হোর্ডিং কিরকম চোখে দেখবে দিল্লী সেইবিষয়েও চলছে বিস্তর চাপানউতোর।

 

যদিও শুধুমাত্র রাজনৈতিক ইস্যু নয়, হোর্ডিংয়ের স্লোগান ও সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও গ্যাস সংকটের কথা। সাধারণ মানুষের একাংশের অভিযোগ, রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম এবং পেট্রোপণ্যের অগ্নিমূল্য সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। এই ক্ষোভের আগুনই কি হোর্ডিংয়ের স্লোগান হয়ে কলকাতার রাস্তায় দেখা যাচ্ছে?

 

আগামীকাল ব্রিগেডের জন্য যখন বিজেপি কর্মী-সমর্থকরা শহর ভরিয়ে তুলছেন, তখন আজকের এই ‘গো ব্যাক মোদী’ হোর্ডিং যেন এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে বিরোধী উভয় শিবিরের জন্য। এখন দেখার, প্রধানমন্ত্রীর সফরে এই রাজনৈতিক উত্তাপ কোন দিকে মোড় নেয়।

                                             - অঙ্কিতা পাল

পরবর্তী খবর