সর্বশেষ সংবাদ
শনিবার ব্রিগেডে মোদীর সভা! ভোর থেকেই কলকাতায় ট্রাফিক বিধিনিষেধ, কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?

শনিবার ব্রিগেডে মোদীর সভা! ভোর থেকেই কলকাতায় ট্রাফিক বিধিনিষেধ, কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?

আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। এই ভিভিআইপি সমাবেশকে কেন্দ্র করে শহরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট এড়াতে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবার ভোর থেকেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পুলিশের নির্দেশিকা অনুযায়ী, শনিবার ব্রিগেডের আশেপাশের বেশ কিছু প্রধান রাস্তায় সাধারণ যান চলাচল সীমিত রাখা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র‍্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে। সমাবেশের মিছিল এবং ভিভিআইপি কনভয়ের গতিবিধির ওপর নির্ভর করে প্রয়োজনে অন্যান্য রাস্তা থেকেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। তাই জরুরি প্রয়োজনে বেরোলে হাতে সময় রাখা জরুরি।

 

আরও পড়ুন  মমতার এক চালেই কি এবার বিদায় নিচ্ছেন জ্ঞানেশ কুমার?

 

শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে জরুরি পরিষেবাকে এই আওতার বাইরে রাখা হয়েছে। রান্নার গ্যাস (LPG), পেট্রোলিয়াম পণ্য, অক্সিজেন, সবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধের গাড়িগুলো আগের মতোই যাতায়াত করতে পারবে।

ভিড় সামাল দিতে শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত অংশে কোনও গাড়ি দাঁড় করানো যাবে না। এছাড়াও খিদিরপুর রোড, হসপিটাল রোড ও কুইন্সওয়ে সংলগ্ন এলাকাগুলোতেও পার্কিং সংক্রান্ত কড়া নজরদারি থাকবে।

সবমিলিয়ে প্রধানমন্ত্রীর এই হাই-ভোল্টেজ সভাকে কেন্দ্র করে কলকাতায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা আগামীকাল শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করবেন, তাদের পুলিশের দেওয়া এই নির্দেশিকা মেনে চলার এবং বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

                                                                                     -জ্যোতি সরকার

পরবর্তী খবর