সর্বশেষ সংবাদ
ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! ই-মেলে হুমকির বার্তা ঘিরে হুলুস্থুল খাস কলকাতায়

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! ই-মেলে হুমকির বার্তা ঘিরে হুলুস্থুল খাস কলকাতায়

কলকাতার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালে হঠাৎ বোমাতঙ্ক ছড়ানোয় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে একটি হুমকি চিঠি ও ই-মেল পাওয়ার পরেই মেমোরিয়াল চত্বরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শুক্রবার বিকেল নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ একটি হুমকি বার্তা পান। সেখানে বোমা মেরে স্মৃতিসৌধটি উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। এই বার্তার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চত্বরে। কর্তৃপক্ষ তৎক্ষণাৎ হেস্টিংস থানায় খবর দিলে লালবাজারের বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিটি কোণে বর্তমানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

 

আরও পড়ুন ২০ বছর পর ফের সেই মেট্রো চ্যানেল! ভোটার তালিকায় ‘কারচুপি’র অভিযোগে রাজপথে মমতা, পাল্টা কটাক্ষ সুকান্তর

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন আদালত, পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসে এই ধরণের ভুয়ো ই-মেইল পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। আজ সকালেও মেদিনীপুর জেলা আদালতে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে মেল পাঠানো হয়। এমনকি বাঁকুড়া ও বালুরঘাটের পোস্ট অফিসগুলিতেও একই আতঙ্ক ছড়িয়েছিল। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন, যা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। ফলে এই হুমকি মেলের পেছনে কোনও গভীর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ধরণের ভুয়ো হুমকি মেলের উৎসের সন্ধানে নেমে গত শনিবার রাতেই উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। জানা গেছে, সৌরভ নিজের বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল ও আদালতে এমন হুমকি মেল পাঠাত। ভিক্টোরিয়ার এই ঘটনার সঙ্গে তার বা অন্য কোনও বড় চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে লালবাজারের সাইবার সেল তদন্ত শুরু করেছে।

পরিশেষে বলা যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে হেস্টিংস থানার পুলিশি টহল বাড়ানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি, তবুও কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। পুলিশ ও কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে এবং কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

                                                                                                                                                                                                                                                -জ্যোতি সরকার

পরবর্তী খবর