সর্বশেষ সংবাদ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ: অচল ট্রানজিট রুট, বাতিল দমদমের ২০টি উড়ান; বিপাকে হাজার হাজার যাত্রী

পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ: অচল ট্রানজিট রুট, বাতিল দমদমের ২০টি উড়ান; বিপাকে হাজার হাজার যাত্রী

ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পশ্চিম এশিয়া। এই সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ল বিশ্বজুড়ে বিমান পরিষেবায়। সোমবার সকাল থেকেই কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান বিমানবন্দরগুলিতে ব্যাহত হয়েছে স্বাভাবিক উড়ান চলাচল। উদ্ভূত পরিস্থিতিতে দুবাইসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরের বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের জন্য নির্ধারিত পাঁচটি বিমান সংস্থার মোট ২০টি উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্যে যাতায়াত মিলিয়ে সবথেকে বেশি প্রভাব পড়েছে এমিরেট্‌সের ওপর (৮টি বিমান)। এ ছাড়াও কাতার এয়ারওয়েজ (৪টি), ইতিহাদ এয়ারওয়েজ় (৪টি, এয়ার আরাবিয়া ২টি এবং ফ্লাই দুবাইয়ের ২টি উড়ান বাতিল করা হয়েছে।

 

আরও পড়ুন বিজেপি শাসিত রাজ্যে তফশিলিদের ওপর ‘গোল্ড মেডেল’ নির্যাতন! নজরুল মঞ্চে পরিসংখ্যান দিয়ে আক্রমণ অভিষেকের

 

তবে শুধু কলকাতা নয়, দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাই বিমানবন্দর থেকেও পশ্চিম এশিয়াগামী বিমান চলাচল ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে রবিবার রাতে দিল্লি ফিরেই জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) এই বৈঠকে বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের ভিসার সমস্যা মেটানো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে আটকে পড়া বিদেশি পর্যটকদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে থাকা বিদেশি নাগরিকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সবরকম সহযোগিতা করবে সরকার। বর্তমানে তাঁদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে।

সর্বোপরি, পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা যে গতিতে বাড়ছে, তাতে আগামী কয়েকদিন বিমান পরিষেবা স্বাভাবিক হওয়া নিয়ে যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে।

                                                                                                                                                                                                      -অঙ্কিতা পাল

পরবর্তী খবর