সর্বশেষ সংবাদ
নারী সুরক্ষায় কলকাতায় 'পিঙ্ক বুথ' ও 'শাইনিং': এবার রাত দখলে পুলিশের বিশেষ মহিলা বাহিনী

নারী সুরক্ষায় কলকাতায় 'পিঙ্ক বুথ' ও 'শাইনিং': এবার রাত দখলে পুলিশের বিশেষ মহিলা বাহিনী

শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শনিবার থেকেই তিলোত্তমার রাজপথে চালু হয়েছে দুটি বিশেষ পরিষেবা ‘পিঙ্ক বুথ’ এবং মহিলা আধিকারিকদের বিশেষ টহলদারি দল ‘শাইনিং’ এর কার্যক্রম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং এই নতুন উদ্যোগের বিষয়ে সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন। 

কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গোলাপি রঙের এই বিশেষ বুথ তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি এলাকায় যেমন শ্যামবাজার, কাঁকুড়গাছি, উল্টোডাঙা (হাডকো মোড়), গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তায় এই বুথগুলি চালু হয়েছে। এই বুথগুলি সম্পূর্ণভাবে মহিলা পুলিশ আধিকারিকদের দ্বারা পরিচালিত হবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বুথ সক্রিয় থাকবে। শুধু তাই নয়, এখানে থাকছে সিসিটিভি নজরদারি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, পোশাক পরিবর্তনের জায়গা এবং জরুরি ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য। সমস্যায় পড়া মহিলারা যাতে দ্বিধাহীনভাবে সরাসরি মহিলা পুলিশ কর্মীদের কাছে অভিযোগ বা সাহায্য জানাতে পারেন, তা নিশ্চিত করা।

 

আরও পড়ুন ২৬-এর রণকৌশলে বড় বাজি মমতার! রুপোলি পর্দা থেকে এবার রাজনীতির পর্দায় কোয়েল, রয়েছেন রাজীব কুমারও

 

এর পাশাপাশি মহিলাদের রাত-যাতায়াত নির্বিঘ্ন করতে মুখ্যমন্ত্রী নিজেই পুলিশের বিশেষ মহিলা বাহিনীর নামকরণ করেছেন ‘শাইনিং’। রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত এই মোবাইল প্যাট্রল টিম শহরের রাস্তায় টহল দেবে। ইএম বাইপাস থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট, যা কর্মজীবী মহিলারা যাতায়াতের জন্য ব্যবহার করেন, সেখানে এই নজরদারি চলবে। পুলিশের মতে, রাস্তায় উর্দিধারী মহিলা কর্মীদের দেখলে সাধারণ মহিলারা অনেক বেশি আশ্বস্ত বোধ করবেন।

এবিষয়ে, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "শহরে আমার বোনেরা যে কোনও সাহায্যের জন্য ‘পিঙ্ক বুথ’-এর মাধ্যমে মহিলা অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা ধরে রাখতে দায়বদ্ধ।"

উল্লেখ্য, আরজি কর আবহে কলকাতার নিরাপত্তা নিয়ে যখন নানা প্রশ্ন উঠেছে; ঠিক সেই সময় পুলিশি ব্যবস্থায় এই আমূল পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সম্প্রতি কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে রাতে ছদ্মবেশে থানা পরিদর্শন বা নাকা চেকিংয়ের তদারকি করতে দেখা গিয়েছে। সিপি জানিয়েছেন, নারী নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। আপাতত পাঁচটি বুথ ও পাঁচটি গাড়ি দিয়ে শুরু হলেও, আগামী দিনে গোটা শহরে এই পরিষেবার ব্যাপ্তি আরও বাড়ানো হবে।

সর্বোপরি, দেশের বিভিন্ন অনিরাপদ রাজ্যের তুলনায় কলকাতাকে মহিলাদের জন্য আরও বাসযোগ্য ও সুরক্ষিত করে তোলাই এখন লালবাজারের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

                                                                                                                                                                                                                                                                                    -অঙ্কিতা পাল

পরবর্তী খবর