পাতালপথে বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকার সমস্যা মেটাতে এক যুগান্তকারী প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মাঝপথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সুড়ঙ্গের অন্ধকারে যাতে যাত্রীদের আতঙ্কিত হতে না হয়, তার জন্য 'ব্লু লাইন' অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ করিডোরে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ সম্বলিত একটি বিশেষ 'মাইক্রো গ্রিড সিস্টেম' চালু করা হয়েছে।
কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র আজ এই নতুন পাইলট প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি জানান, প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে এবং বদ্ধ সুড়ঙ্গের ভেতর ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এই জটিলতা কাটাতেই ৬.৪ মেগাওয়াট আওয়ার (MWh) ক্ষমতাসম্পন্ন এই বিশাল ব্যাটারি সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মাইক্রো গ্রিড সিস্টেমের প্রধান কাজ হবে বিদ্যুৎহীন অবস্থায় ট্রেনকে সচল রাখা। যদি কোনো কারণে মূল গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে এই ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে একটি ব্রেক-ডাউন রেককে সহজেই নিকটবর্তী মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর ফলে যাত্রীদের আর সুড়ঙ্গের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থাকতে হবে না এবং অনায়াসেই তাঁরা স্টেশনে নেমে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
উল্লেখ্য, মূলত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বিস্তৃত ব্লু লাইনেই অতীতে বারবার বিদ্যুৎ বিভ্রাটের জেরে পরিষেবা ব্যাহত হওয়ার নজির রয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপের ফলে যান্ত্রিক গোলযোগের সময় যাত্রী ভোগান্তি যেমন কমবে, তেমনই ট্রেনের ভেতরে আলো ও বায়ু চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখা সহজ হবে।
আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রজেক্ট শুরু হলেও এর সফলতার ভিত্তিতে আগামীতে অন্যান্য লাইনেও এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সবমিলিয়ে বলা যায়, কলকাতা মেট্রোরেল কতৃপক্ষের এই অভিনব প্রচেষ্টা কতটা সফল হয় সেটাই এখন দেখার।
-অঙ্কিতা পাল