সর্বশেষ সংবাদ
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অভিষেক: শুরুতেই সংঘাতের সুর সংসদে

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অভিষেক: শুরুতেই সংঘাতের সুর সংসদে

বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।

তারেক রহমানের শপথগ্রহণের পরপরই মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ বর্ষীয়ান নেতারা পূর্ণ মন্ত্রী হিসেবে এবং বেশ কয়েকজন সদস্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তবে উৎসবের এই আবহের আগেই দানা বেঁধেছে নতুন বিতর্ক,যার কেন্দ্রে রয়েছে সংবিধান সংস্কার।

নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া গণভোটে সংস্কারের পক্ষে 'হ্যাঁ' জয়ী হলেও, নতুন সংসদ তার উল্টো পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে। ডক্টর ইউনূসের জমানায় প্রস্তাবিত সংস্কার অনুযায়ী প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা এবং দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে শর্ত ছিল, তা মানতে নারাজ নবনির্বাচিত বিএনপি সাংসদরা।

বিএনপির এই অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়েছে ১১-দলীয় জোট (জামাত-এনসিপি)। এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, "গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।"

 

আরও পড়ুন  মানচিত্র থেকে মুছে যাবে নীল রঙ! এক সকালে উঠে দেখলেন পৃথিবীতে জল নেই! প্রকৃতির দেওয়া শেষ সুযোগ আমরা হাতছাড়া করছি নাতো?

 

শর্ত ভঙ্গের অভিযোগে এনসিপি ও জামাতের জয়ী প্রার্থীরা সাংসদ হিসেবে শপথ গ্রহণ না করার কথা জানান। ফলে, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই রাজপথের সঙ্গীদের সাথে সংসদের ভেতরে বড় ধরনের দূরত্ব তৈরি হলো তারেক সরকারের।

অন্যদিকে, নতুন সরকারের বিদেশনীতি নিয়ে বড় চমক দেখিয়েছে বিএনপি। ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু'-কে দেওয়া এক সাক্ষাৎকারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি দিল্লি-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কের পথে বাধা হবে না।

যারা ভারত-বিরোধিতার কথা বলছেন, তাদের বক্তব্যকে 'পাগলের প্রলাপ' বলে উড়িয়ে দিয়ে তিনি জানান, দুই দেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট ইস্যুতে আটকে থাকবে না। এই বার্তাটি আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ একে বিএনপির দীর্ঘদিনের 'ভারত-বিরোধী' ট্যাগ মোছার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সর্বোপরি, প্রতিবেশী দেশ বাংলাদেশে আজ যে নতুন ইতিহাস তৈরি হল, তার আঁচ শেষ পর্যন্ত ইতিবাচক হয় না কি নেতিবাচক, সেটাই এখন দেখার বিষয়।

                                                                                                                                                                                                                               - অঙ্কিতা পাল

পরবর্তী খবর