সর্বশেষ সংবাদ
বিধানসভা ভোটের আগে সিপিএমে বিরাট ধাক্কা! দল ছাড়লেন তরুণ নেতা প্রতিকুর রহমান

বিধানসভা ভোটের আগে সিপিএমে বিরাট ধাক্কা! দল ছাড়লেন তরুণ নেতা প্রতিকুর রহমান

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বড়সড় ভাঙনের মুখে পড়ল বাম শিবির। দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ করলেন সিপিএমের অন্যতম জনপ্রিয় তরুণ মুখ এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন লোকসভা প্রার্থী প্রতিকুর রহমান। ভোটের মুখে তাঁর এই আকস্মিক প্রস্থান আলিমুদ্দিন স্ট্রিটের অস্বস্তি যেমন বাড়িয়েছে, তেমনি রাজ্য রাজনীতিতে তৈরি করেছে তীব্র জল্পনা।

সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রতিকুর রহমান তাঁর পদত্যাগপত্র দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে পাঠিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর একটি চিঠিতে (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) প্রতিকুর জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতি ও ভাবনার সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারছেন না। এই আদর্শগত অমিল ও ‘মানসিক দ্বন্দ্বে’র কারণেই তিনি দলের প্রাথমিক সদস্যপদ ও সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

আরও পড়ুন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! আগামী ২৪ ঘণ্টায় কি বড় কোনো দুর্যোগ দেখবে বাংলা? জানুন আবহাওয়ার আপডেট

 

বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে অন্য এক তরুণ নেতার সঙ্গে প্রতিকুরের মতানৈক্যের খবর কান পাতলে শোনা যাচ্ছিল। প্রতিকুর নিজেও আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘নীতি-নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না’। লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে নজর কাড়া এই নেতার দল ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি পোস্ট করেন, যা জল্পনার আগুনে ঘি ঢেলেছে। শাসক দল এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি, যদিও পদত্যাগের বিষয়ে প্রতিকুরের ফোন সুইচড অফ থাকায় তাঁর সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবমিলিয়ে ভোটের মুখে প্রতিকুর রহমানের মতো লড়াকু ও জনপ্রিয় ছাত্র-যুব নেতার দলত্যাগ সিপিএমের ভোট কৌশলে বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মতো স্পর্শকাতর এলাকায় যেখানে দলের ঘরোয়া কোন্দল নিয়ে এমনিতেই বিতর্ক ছিল, সেখানে এই ইস্তফা বামেদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এখন দেখার, প্রতিকুর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করেন।

                                                                          -জ্যোতি সরকার

পরবর্তী খবর