সর্বশেষ সংবাদ
কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক! চিরকুটে হুমকির জেরে চাঞ্চল্য, নামিয়ে আনা হলো যাত্রীদের

কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক! চিরকুটে হুমকির জেরে চাঞ্চল্য, নামিয়ে আনা হলো যাত্রীদের

শনিবার সাতসকালে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ককে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা রাখা আছে বলে চিরকুটের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ওড়ার ঠিক আগেই এই খবর জানাজানি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার খাতিরে তড়িঘড়ি বিমান থেকে সবাইকে নামিয়ে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই-৭৩০৪ (6E-7304) নম্বর বিমানটি শনিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ কলকাতা থেকে শিলঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ৭৫ সিটের এই বিমানটি যখন উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় বিমানের শৌচাগারের (Lavatory) ভেতরে একটি চিরকুট উদ্ধার করেন কেবিন ক্রুরা। ওই চিরকুটে লেখা ছিল যে বিমানে বোমা রাখা আছে। বিষয়টি নজরে আসতেই সাথে সাথে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

 

আরও পড়ুন বসন্তের দোরগোড়ায় বিদায়ঘণ্টা শীতের, ভ্যালেন্টাইনস ডে-র পরই চড়বে পারদ

 

হুমকির খবর পাওয়ামাত্রই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে একটি বিচ্ছিন্ন আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। প্রোটোকল মেনে দ্রুত সমস্ত যাত্রীদের বিমান থেকে নিরাপদ দূরত্বে নামিয়ে আনা হয়। এরপর সিআইএসএফ (CISF) এবং বম্ব স্কোয়াড ডগ স্কোয়াড নিয়ে গোটা বিমানে তল্লাশি শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছু উদ্ধার না হওয়ায় কিছুটা স্বস্তি পান কর্তৃপক্ষ। তবে এই ঘটনার জেরে বিমানটি ছাড়তে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়।

সবমিলিয়ে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিমানে সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিমানের শৌচাগারের ভেতরে কে বা কারা ওই চিরকুট রেখে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যাত্রীদের তালিকা এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে বিমানে বোমাতঙ্কের একাধিক ঘটনা ঘটায় এই বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।

                                                                           -জ্যোতি সরকার

পরবর্তী খবর