সর্বশেষ সংবাদ
সল্টলেকের বহুতলে ভয়াবহ আগুন, আতঙ্কে অফিস কর্মীরা! ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সল্টলেকের বহুতলে ভয়াবহ আগুন, আতঙ্কে অফিস কর্মীরা! ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। এবার সল্টলেক সেক্টর ফাইভের মতো ব্যস্ত এলাকায় একটি বাণিজ্যিক বহুতলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার বিকেলে সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ের কাছে একটি ১২ তলা বিল্ডিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আগুনের জেরে বিল্ডিংয়ের ভেতরে থাকা অফিস কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আরও পড়ুন ভোটার তালিকায় বিদেশি নাম থাকলে রেহাই নেই! জেলাশাসকদের চরম হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

 

​ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ। জানা গিয়েছে, ওই বহুতলের একতলায় অবস্থিত একটি বার-কাম-রেস্টুরেন্ট থেকে প্রথম আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। তবে দমকল আসার আগেই রেস্তোরাঁর নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা, যার ফলে আগুন খুব বেশি ছড়াতে পারেনি।

​এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও, একজন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী লিফটের ভেতরে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। দমকল কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই বহুতলের অন্যান্য অফিস থেকে কর্মীরা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন।

​দমকলের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েক দিনে কলকাতার একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের অগ্নি-সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

                                                                                   -জ্যোতি সরকার 

পরবর্তী খবর