পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং সব জেলার জেলাশাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসেন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় কোনো বিদেশি নাগরিকের নাম থাকা চলবে না। যদি পাঁচ বছর পরেও কোনো ভুল ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিনের বৈঠকে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, কোচবিহার এবং জলপাইগুড়ির মতো জেলাগুলোর জেলাশাসকদের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। অভিযোগ উঠেছে, ভোটার তালিকার নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে চরম গাফিলতি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, পাসপোর্টের বদলে ফাঁকা কাগজ বা অস্পষ্ট ছবি আপলোড করা হয়েছে। এমনকি নথির বদলে খবরের কাগজের কাটিং দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় বলেন, "আপনারা ভাববেন না যে পালিয়ে যেতে পারবেন। আজ না হলেও দু-তিন বছর পরেও কমিশন ব্যবস্থা নিতে পারবে।"
বর্তমানে রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব শেষ হয়ে নথি যাচাইয়ের কাজ চলছে। কমিশন জানিয়েছে, আগামী সোমবার বিকেল ৫টার মধ্যে সমস্ত নথি পুনরায় পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে হবে। ভুয়ো বা অননুমোদিত কোনো নথি সিস্টেমে থাকলে তার জন্য জেলাশাসকদের ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। বিশেষ করে ভাঙড়ের মতো স্পর্শকাতর এলাকায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় সেখানকার নির্বাচনী আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে মাইক্রো অবজার্ভারদের সরাসরি কমিশনের কাছে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে চাইছে কমিশন। প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তার মাধ্যমে এটি পরিষ্কার যে, কোনো রাজনৈতিক চাপ বা গাফিলতি বরদাস্ত করা হবে না। সোমবারের ডেডলাইনের পর কমিশন কী পদক্ষেপ নেয় এবং চূড়ান্ত তালিকায় কতজন ‘বিদেশি’ বা ‘অযোগ্য’ ভোটার বাদ পড়েন, এখন সেটাই দেখার।
-জ্যোতি সরকার