সর্বশেষ সংবাদ
অনুপ্রবেশকারীদের তাড়াবে বিজেপি, মালদহ থেকে মমতার 'ভোটব্যাঙ্ক' ভাঙার ডাক মোদির

অনুপ্রবেশকারীদের তাড়াবে বিজেপি, মালদহ থেকে মমতার 'ভোটব্যাঙ্ক' ভাঙার ডাক মোদির

বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন সেরে প্রশাসনিক ব্যস্ততার মাঝেই রাজনৈতিক মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদহের সভা থেকে সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিঁধে অনুপ্রবেশ ইস্যুতে চরম হুঁশিয়ারি দিলেন তিনি। প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, "বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

এদিন মালদহের জনসভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়ার নেপথ্যে রয়েছে শাসকদলের মদত। তাঁর দাবি, তৃণমূলের নেতা এবং সিন্ডিকেট বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এবং তাঁদের নিজেদের ‘ভোটার’ হিসেবে তৈরি করছে। মোদির কথায়, "অনুপ্রবেশকারী এবং শাসকদলের এই অশুভ জোট ভাঙতে হবে। এরা আমাদের তরুণ প্রজন্মের কাজ ছিনিয়ে নিচ্ছে এবং মা-বোনেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।"

 

আরও পড়ুন  বেঙ্গালুরু-মুম্বাইকে পেছনে ফেলল কলকাতা: 'নেচার ইনডেক্স ২০২৪' র‍্যাঙ্কিংয়ে দেশের এক নম্বর শহর তিলোত্তমা

 

প্রধানমন্ত্রী যখন অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলছেন, ঠিক তখনই মতুয়া ও নমঃশূদ্র শরণার্থীদের আশ্বস্ত করতে ভোলেননি। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় হিংসার শিকার হয়ে আসা শরণার্থীদের সুরক্ষায় মোদি সরকার সিএএ এনেছে।এছাড়াও তিনি বলেন, মতুয়া ও নমঃশূদ্রদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। সংবিধান তাঁদের ভারতে থাকার অধিকার দিয়েছে। তিনি আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে।

উল্লেখ্য, এ দিন রাজনৈতিক সভায় আসার আগেই প্রধানমন্ত্রী বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করেন। পরিকাঠামো উন্নয়নের বার্তা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, একদিকে যেমন আধুনিক ভারত গড়ার কাজ চলছে, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশমুক্ত বাংলা গড়াও তাঁর লক্ষ্য।

সর্বোপরি, বিজেপির এই কড়া অবস্থান রাজ্যের আসন্ন রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

                                                                                                                                                                              - অঙ্কিতা পাল

পরবর্তী খবর