সর্বশেষ সংবাদ
রাজ্যে এবার কমবে শীত, বাড়বে তাপমাত্রা!কী বলছে আবহাওয়া দফতর?

রাজ্যে এবার কমবে শীত, বাড়বে তাপমাত্রা!কী বলছে আবহাওয়া দফতর?

রাজ্যে এবার শীতের দাপট কমতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে বেশ ঠান্ডা থাকলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। ফলে হাড়কাঁপানো ঠান্ডার হাত থেকে রাজ্যবাসী আপাতত কিছুটা মুক্তি পেতে চলেছেন।

 

আরও পড়ুন ‘জীবিতদের মৃত দেখাচ্ছে বিজেপি-ইসি’, মেদিনীপুর থেকে ২০২৬ বিধানসভা ভোটের ‘রণহুঙ্কার’ অভিষেকের!


হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, কলকাতার তাপমাত্রা গত কয়েক দিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও শনিবার তা সামান্য বেড়ে ১৩.১ ডিগ্রিতে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা খুব একটা নিচে নামেনি। বাঁকুড়া, শ্রীনিকেতন বা কল্যাণীতে পারদ সাড়ে ৯ ডিগ্রির ঘরে থাকলেও বাকি সব জেলাতেই তাপমাত্রা ১০ ডিগ্রির উপরেই রয়েছে। তবে সোমবার থেকে এই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

তাপমাত্রা বাড়লেও এখনই কুয়াশার হাত থেকে রেহাই নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তরবঙ্গের মালদহ বা দিনাজপুরে দৃশ্যমানতা অনেক কমে যেতে পারে। এদিকে সামনেই সরস্বতী পুজো, আর আবহাওয়া দফতর জানাচ্ছে যে পুজোর দিন সকালে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া বেশ উষ্ণ হয়ে উঠবে। ফলে ওইদিন রোদের তেজও কিছুটা বেশি থাকবে।

সবমিলিয়ে, আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আকাশ মূলত পরিষ্কার থাকবে। শীতপ্রেমীদের জন্য তাপমাত্রা বেড়ে যাওয়ার খবরটি কিছুটা মন খারাপের হলেও, বসন্তের আগমন যে আসন্ন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবহাওয়া সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।

                                                                                                                                                                                                                  -জ্যোতি সরকার

পরবর্তী খবর