কলকাতা হাই কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো শুক্রবার। ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি করতে না পেরে এদিন এজলাস ছাড়েন বিচারপতি শুভ্রা ঘোষ এবং আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবি রাখার কথা জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক দফতর এবং লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ ওঠে যে, তল্লাশি চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল ও ল্যাপটপ বের করে আনেন। ইডির দাবি, এভাবে তদন্তে সরাসরি বাধা দেওয়া হয়েছে এবং সাংবিধানিক পদের অপব্যবহার করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা আখ্যা দিয়ে হাই কোর্টে পাল্টা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন উত্তরে হাওয়ায় বাধা দিচ্ছে নিম্নচাপ! কলকাতায় বাড়ছে পারদ, হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু জেলা
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা দুটির শুনানি হওয়ার কথা ছিল। শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যসহ বহু আইনজীবী ও কৌতূহলী সাধারণ মানুষ। তিল ধারণের জায়গা ছিল না ঘরের ভেতর। ভিড় দেখে বিচারপতি ঘোষ ইন্টার্ন ও জুনিয়র আইনজীবীদের এজলাস খালি করার নির্দেশ দেন এবং পাঁচ মিনিট সময় দেন। কিন্তু কারা বাইরে যাবেন আর কারা ভেতরে থাকবেন, তা নিয়ে আইনজীবীদের নিজেদের মধ্যেই তীব্র বচসা শুরু হয়, যা একসময় হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।
এজলাসের এই বিশৃঙ্খল পরিবেশ দেখে অত্যন্ত বিরক্ত হন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি স্পষ্ট জানান যে, এই পরিবেশে বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব নয়। এর পরেই তিনি এজলাস ত্যাগ করেন এবং মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি করে দেন। বিচারপতির এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
বিচারপতি ঘোষ মামলা মুলতুবি করে দেওয়ায় ইডি তড়িঘড়ি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের অফিসের দ্বারস্থ হয়। ইডির আইনজীবীরা মৌখিকভাবে জানান যে, মামলাটি অত্যন্ত জরুরি এবং এর দ্রুত শুনানি প্রয়োজন। যদি সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি সম্ভব না হয়, তবে মামলাটি অন্য কোনো বিচারপতির এজলাসে স্থানান্তরিত করার আর্জিও জানান তারা। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই আবেদন খারিজ করে জানান যে হাইকোর্টের তরফ থেকে রাজ্য পুলিশের বিষয়ে এখনই হস্তক্ষেপ করা হবে না, যা হওয়ার ১৪ জানুয়ারি হবে।
সর্বোপরি, আপাতত আদালত চত্বরে টানটান উত্তেজনা বজায় রয়েছে। আইপ্যাক সংস্থায় ইডি-র তল্লাশি এবং তার জেরে দুই পক্ষের মামলা; এই সম্পূর্ণ ঘটনাটি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।
-অঙ্কিতা পাল