সর্বশেষ সংবাদ
বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো মিত্র, ‘ভুল সংশোধন’ বললেন অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো মিত্র, ‘ভুল সংশোধন’ বললেন অভিনেত্রী

২০২৬-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে টলিপাড়া ও রাজনৈতিক মহলে বড়সড় রদবদল। দীর্ঘ ৬ বছরের গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। আজ শুক্রবার দুপুরে তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন তিনি।

যোগদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্নো মিত্র তাঁর এই সিদ্ধান্তকে ‘ভুল সংশোধন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “মানুষ মাত্রেই ভুল করে, সেই ভুল সংশোধনের সময় এখন এসে গিয়েছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সংহতি প্রকাশ করে অভিনেত্রী জানান, আগামী দিনে নেত্রীর একনিষ্ঠ সৈনিক হিসেবেই তিনি কাজ করতে চান।

 

আরও পড়ুন নিউটাউনের বুকে নিজের ছাদ! মাত্র ৬ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে রাজ্য, খুলছে 'নিজন্ন' ও 'সুজন্ন'

 

প্রসঙ্গত, ২০১৯ সালে দিল্লিতে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো। ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বরাহনগর কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। তবে তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হতে হয় তাঁকে। পরাজয়ের পর থেকে দলের সক্রিয় কর্মসূচিতে পার্নোকে খুব একটা দেখা না গেলেও, আজ তাঁর এই দলবদল রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজেপিতে থাকাকালীনই তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে এক দোল উৎসবে ‘নৌকাবিহার’ ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন পার্নো। সেই সময় তথাগত রায়ের মতো বর্ষীয়ান বিজেপি নেতাদের রোষানলেও পড়তে হয়েছিল তাঁকে। তখন থেকেই পার্নোর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল, যা আজ পূর্ণতা পেল।

২০২৫-এর একদম শেষ লগ্নে এসে পার্নোর এই পদক্ষেপ আগামী বছরের বিধানসভা নির্বাচনের সমীকরণকে নতুন মাত্রা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে তারকা ভাবমূর্তিকে কাজে লাগিয়ে জনভিত্তি আরও মজবুত করতে চাইছে তৃণমূল। অন্যদিকে, ভোটমুখী বঙ্গে সেলিব্রিটি মুখদের দলবদল বিজেপির জন্য সাংগঠনিক ধাক্কা কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

তৃণমূল সূত্রে খবর, পার্নো মিত্রকে দলের আসন্ন প্রচার কর্মসূচিতে সামনের সারিতে দেখা যেতে পারে। তবে আগামী নির্বাচনে তিনি টিকিট পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

                                                                                                                                                                                               -অঙ্কিতা পাল

পরবর্তী খবর