ইন্ডিগোর উড়ান বাতিল হওয়ায় দেশজুড়ে যাত্রীদের বড় সমস্যা তৈরি হয়েছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে, আর যাঁরা টিকিট পাচ্ছেন, তাঁদের দিতে হচ্ছে খুব বেশি ভাড়া। ঠিক এই বাড়তি ভাড়াই এখন বড় প্রশ্ন তুলেছে, কীভাবে ৪ হাজার টাকার টিকিট এক লাফে হয়ে গেল ৩০–৪০ হাজার? কেন সঙ্কট বাড়তে থাকলেও আগে থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুর্ভোগে যাত্রীদের ক্ষতিপূরণ কবে দেবে বিমানসংস্থাগুলি? আর ঠিক এই অবিশ্বাস্য ভাড়া বৃদ্ধিতেই এবার সরাসরি প্রশ্ন তুলেছে দিল্লি হাই কোর্ট।
ইন্ডিগো-র একের পর এক উড়ান বাতিলের জেরে গোটা দেশের বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত। হাজার হাজার যাত্রী আটকে গিয়েছেন, কেউ পাচ্ছেন না সিট, আর যাঁরা পাচ্ছেন, তাঁদের দিতে হচ্ছে অস্বাভাবিক বিমানভাড়া। এই পরিস্থিতিকেই আদালত স্পষ্ট ভাষায় বলেছে সঙ্কট।
বুধবার দিল্লি হাই কোর্টে ইন্ডিগো বিপর্যয়ের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে আদালতের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্ন করে, সঙ্কট দেখা দিলেই কীভাবে অন্য বিমানসংস্থাগুলি এত বেশি ভাড়া বাড়াতে পারে? ৩৫ হাজার, ৪০ হাজার এই দাম কীভাবে সম্ভব?
আরও পড়ুন শীত কি সত্যিই কমছে?কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর
কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে বলেন, এটা এক ধরনের সঙ্কটজনক পরিস্থিতি। কিন্তু আদালত তাতেই সন্তুষ্ট হয়নি। বিচারপতি বলেন, আমরা আপনারা যে পরে পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসা করি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এমন পরিস্থিতি তৈরি হল কীভাবে? আদালত আরও জানায়, এটা শুধু কয়েকজন যাত্রীর বিমানবন্দরে আটকে থাকার কথা নয়। এটা দেশের অর্থনীতির ক্ষতি। আর সবচেয়ে বড় কথা, সাধারণ যাত্রীরা ভীষণ হয়রানির শিকার হয়েছেন।
তার পরে আদালত জানতে চায়, এই দুর্ভোগে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ফ্লাইট বাতিল হলে, দেরি হলে বা অতিরিক্ত ভাড়া দিতে হলে সেগুলির ক্ষতিপূরণ কবে দেবে বিমানসংস্থাগুলি? এমনকী পরিষেবা কর্মীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও জানতে চায় আদালত।
পাইলটদের উপর অতিরিক্ত কাজ চাপানোর অভিযোগ নিয়েও প্রশ্ন তোলে হাই কোর্ট। এছাড়া আদালত জানতে চায়, যখন সমস্যা ধীরে ধীরে বাড়ছিল, তখন কেন সময়মতো গাইডলাইন জারি করা হল না? কেন্দ্র জানায়, সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। কিন্তু আদালতের প্রশ্ন, কত দিন পরে? চার থেকে পাঁচ দিন পরে? ততদিনে তো চার হাজার টাকার টিকিটের দাম পৌঁছে গিয়েছে তিরিশ হাজারে!
ইন্ডিগো বিপর্যয়ের পরে কেন্দ্র কয়েকটি পদক্ষেপ নিয়েছে, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে সীমা বেঁধে দেওয়া কারণ তদন্তে চার সদস্যের কমিটি ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভাড়া ফেরতের নির্দেশ কিন্তু আদালতের মতে,
দুর্ভোগ তো হয়েই গিয়েছে। এখন প্রশ্নএটা প্রথমে কেন রোখা গেল না? ইন্ডিগো বিপর্যয় শুধু বিমানসংস্থার নয়, এটা হাজারো যাত্রীর যন্ত্রণার গল্প, যেখানে বাড়তি ভাড়া, বাতিল উড়ান, আর অস্থিরতার মাঝেই আদালত এখন খুঁজছে প্রকৃত উত্তর, এমন পরিস্থিতি আবার যেন না ফেরে।
-জ্যোতি সরকার