আজ সকালে তাপমাত্রা একটু বেড়েছে।
আর তাতেই অনেকের মনে একই প্রশ্ন ঘুরছেএবার কি শীত কমে যাবে?
কিন্তু আবহাওয়া দপ্তর বলছে, চিন্তার কিছু নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের তুলনায় সামান্য বেশি হলেও এখনও স্বাভাবিকের থেকে প্রায় ০.৮ ডিগ্রি কম।
ডিসেম্বরের শুরুতেই পিকনিকের সময়কাল শুরু হয়েছে। রাজ্যের মানুষ শীতের কাঁচা রোদে গা এলিয়ে আনন্দে মেতে উঠেছেন। সোয়েটার গায়ে দিয়ে বিকেলের ঠান্ডা হাওয়া উপভোগ করছেন সকলে। তাই তাপমাত্রা একটু বাড়তেই স্বাভাবিক ভাবেই অনেকেই ভাবছেন এই আনন্দ কি তবে বেশিদিন থাকবে না?
আবহবিদরা জানাচ্ছেন, অন্তত ১৮ ডিসেম্বর পর্যন্ত শীত একেবারে স্থির থাকবে। উত্তরে হাওয়ার প্রবেশ বাধাহীন, তাই শীত কমে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। উল্টো দিকে, আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও নামতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালে কুয়াশার দাপট দেখা যাবে, তবে রোদের তেজ বাড়লে ধীরে ধীরে বাড়বে দৃশ্যমানতা। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই, তাই শীতের আমেজ ঠিকই বজায় থাকবে।
আরও পড়ুন ৮ দিনে বিপর্যয়! ইন্ডিগোর ২০০টিরও উড়ান বাতিলে তোলপাড় গোটা দেশ
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৬ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ।
অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে জমাট শীতের আমেজ। দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। এখন পাহাড়মুখী পর্যটকরা কাঁপুনি দেওয়া শীত উপভোগ করতে করতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। পাহাড়ের আকাশ আপাতত পরিষ্কার থাকবে। ভোরে হালকা কুয়াশার আস্তরণ দেখা গেলেও, দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুই স্পষ্ট হয়ে উঠবে।
অর্থাৎ, তাপমাত্রা একটু এদিক-ওদিক হলেও, শীত এখনও কলকাতা ও বাংলা জুড়ে রয়েছে নিজের ছন্দে এবং আগামী কয়েকদিন সেই আমেজ আরও ভালোভাবেই টের পাবেন সকলেই।
-জ্যোতি সরকার