সর্বশেষ সংবাদ
শেষ ছবি দেখে যেতে পারলেন না: 'শোলে'-র ৫০ বছরে আর 'ইক্কিস'-এর মুক্তির আগেই বিদায় নিলেন ধর্মেন্দ্র

শেষ ছবি দেখে যেতে পারলেন না: 'শোলে'-র ৫০ বছরে আর 'ইক্কিস'-এর মুক্তির আগেই বিদায় নিলেন ধর্মেন্দ্র

আজ বলিউড হারাল তার 'হি-ম্যান ' কে। ৮৯ বছর বয়সে মুম্বাইয়ের জুহুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। ফিল্মফেয়ার (Filmfare)-এর ইনস্টাগ্রাম পেজ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

গত কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্টের কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরেছিলেন, কিন্তু আজ সকালে হঠাৎ তাঁর স্বাস্থ্যের চরম অবনতি হয়।

সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ঠিক এই নভেম্বর মাসেই মাত্র সপ্তাহ দুয়েক আগে, ওঁনার মৃত্যুর একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলে, ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা দেওল ভীষণ ক্ষুব্ধ হন। তাঁরা টুইট করে কড়া ভাষায় জানিয়েছিলেন যে ধর্মেন্দ্রজি ভালো আছেন এবং মিডিয়া যেন দায়িত্বজ্ঞানহীন আচরণ না করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, একই মাসে সেই মিথ্যে খবরটাই আজ সত্যি হলো।

ধর্মেন্দ্রর প্রয়াণ আরও বেশি করে বুকে বাজছে কারণ, ঠিক এই বছরই (২০২৫) তাঁর অভিনীত কালজয়ী সিনেমা 'শোলে' (Sholay)-র ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তাঁর 'বীরু' চরিত্রটি আজও মানুষের মনে গেঁথে আছে। সেই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার বছরেই চিরবিদায় নিলেন তিনি।

সিনেমার পাশাপাশি তিনি রাজনীতিতেও এসেছিলেন, বিজেপির হয়ে বিকানের থেকে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রীও। তিনি তাঁর বার্তায় ধর্মেন্দ্রর অবদান এবং ভারতীয় সংস্কৃতিতে তাঁর প্রভাবের কথা স্মরণ করেছেন।

আক্ষেপের বিষয় হলো, নিজের শেষ কাজটা পর্দায় দেখে যেতে পারলেন না তিনি। ম্যাডক ফিল্মস (Maddock Films)-এর প্রযোজনায় চলতি বছরের ২৫শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন ছবি 'ইক্কিস' (Ikkis)।

এই ছবিতে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ মুখ্য ভূমিকায় রয়েছেন, এবং ধর্মেন্দ্রকে দেখা যাবে অগস্ত্যের বাবার ভূমিকায়। ছবি রিলিজের আর মাত্র এক মাস বাকি, তার আগেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। ভক্তদের জন্য এই ছবিটিই হয়ে রইল বড়পর্দায় তাঁকে দেখার শেষ সুযোগ।

ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। খবর পাওয়া মাত্রই অভিনেতার জুহুর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করতে শুরু করেছেন তারকারা। তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চন সবাই ছুটে গেছেন তাঁকে শেষবারের মতো দেখতে।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত আজ চোখের জলে বিদায় জানাচ্ছেন তাদের প্রিয় তারকাকে। তাঁর প্রয়াণে ভারতীয় সিনেমার এক দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল আজ।

                                                                                                                                                                                                                             -দিশা দাস

পরবর্তী খবর